“ছাব্বিশের ভোটে হারলে বিজেপির অস্তিত্ব শেষ! “

গৌতম প্রামাণিক, নিজস্ব সংবাদদাতা: ছাব্বিশের ভোটে হারলে বিজেপির অস্তিত্ব শেষ! একি বললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সত্যিই কি ২৬শে হারলে বাংলায় বিজেপির অস্তিত্ব শেষ? তবে কি বঙ্গ বিজেপিতে সিঁদুরে মেঘ দেখছেন? কিন্তু কেন, হঠাৎ এমন কথা বললেন কেন, যে করেই হোক ২৬ শের ভোটে বিজেপিকে জিততেই হবে। তা না হলেই নাকি সব শেষ। পুরুলিয়ার বিজেপির এক প্রকাশ্য সমাবেশে তা স্বীকারই করে নিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। কী বললেন,
বৃহস্পতিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে দলের বর্ষীয়ান নেতা রাহুল সিনহাকে নিয়ে পরিবর্তন সভার আয়োজন করেছিল পুরুলিয়া জেলা বিজেপি। সেখানে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁদের সামনেই মহাগুরু মিঠুন চক্রবর্তী নিজের উপলব্ধির কথা বললেন, একদম খুল্লমখুল্লা। তাঁর কথায়,
“প্রত্যেক জায়গায় কেন আমি যাচ্ছি, জানেন?
যতগুলো জেলা আছে, আমি সব জায়গায় যাব
ফাইভ স্টার হোটেলে থাকতে পারতাম
কিন্তু আমি তো ঘুরে বেড়াচ্ছি
কারণ একটাই, ২০২৬-র ভোটে আমাদের জিততেই হবে
যেভাবেই হোক জিততে হবে
২০২৬-এ হেরে গেলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে”

মিঠুন, যার রাজনৈতিক বক্তব্যে সর্বক্ষণ সরগরম থাকে রাজনৈতিক মহল। এবারও তার কোনও অন্যথা হল না , তবে এবার শাসকদলকে কটাক্ষের বদলে তাঁর গলায় শোনা গেল সাবধানীর সুর। দলের বিজেপি কর্মী সমর্থকদের সাবধান করে মহাগুরু বললেন,
”সকলকে এক ছাতার নীচে এসে ভোট করতে হবে
তাহলেই আমরা জিতব
মনে রাখতে হবে, ২০২৬ সালে না
জিতলে আমাদের অস্তিত্ব থাকবে না
তাই একজোট হয়ে ভোট দিতেই হবে।”
তাঁর আরও সংযোজন, কারও যদি কোনও বিষয়ে খারাপ লেগে থাকে তাহলে এখনই হাত মিলিয়ে, গলা জড়িয়ে সব ঠিক করে নিন। সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে আরও একটি বিতর্কিত মন্তব্য করেন, মিঠুন চক্রবর্তী। যা নিয়ে তুমুল হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। সেই সময় তিনি বলেন,‘দল চাইলে মুখ্যমন্ত্রী হবো’ এই কথায় যেমন জল্পনা তিনি বাড়িয়ে তুলেছিলেন। এদিনও ঠিক তেমনটাই হল। ছাব্বিশে হেরে গেলে বিজেপির অস্তিত্ব শেষ। মিঠুনের এই বক্তব্য নিয়েও বঙ্গ বিজেপিতে শোরগোল পড়ে গিয়েছে। তবে কী সত্যিই রাজনীতির আকাশে আশঙ্কার মেঘ দেখছেন মিঠুন? সবটাই সময়ে বোঝা যাবে।