মহুয়া মৈত্রর রিসেপশন পার্টি ঘিরে নয়া বিতর্ক!

নদিয়ার করিমপুরে আয়োজিত হল মহুয়া মৈত্রর রিসেপশন পার্টি।  যা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ৩ মে জার্মানিতে বার্লিন রাজবাড়িতে বিবাহ সম্পন্ন হয়েছে মহুয়া মৈত্র ও বিজু জনতা দলের সংসদ সদস্য পিনাকি মিশ্রের।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর রিসেপশন অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার সন্ধ্যায়। করিমপুরের রেগুলেট মার্কেটে সেই রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা ও রাজ্যস্তরের বহু শীর্ষস্থানীয় নেতা, কর্মী এবং রাজনৈতিক এবং বিভিন্ন মহলের বিশিষ্টজনেরা।

চলতি বছর ৩ মে জার্মানিতে বার্লিন রাজবাড়িতে বিবাহ সম্পন্ন হয়েছে মহুয়া মৈত্র ও বিজু জনতা দলের সংসদ সদস্য পিনাকি মিশ্রের। বিবাহের খবর সামনে আসতেই সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন মহুয়া মৈত্র।

তৃণমূল কংগ্রেসের তরফে মহুয়া মৈত্র ও পিনাকি মিশ্রকে বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।

মহুয়া এবং পিনাকির রিসেপশন পার্টিতে চোখ ধাঁধিয়েছে কোটি টাকার আলোকসজ্জা, বিশাল প্যান্ডেল। ছিল বাইরে থেকে আসা ক্যাটারিং দল— সবমিলিয়ে এক অভিজাত আয়োজনের ব্যবস্থা করা হয়।

এই আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যেই উঠেছে একাধিক প্রশ্ন। যে করিমপুর রেগুলেটেড মার্কেটের ফুটবল মাঠে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেই মাঠে দীর্ঘদিন ধরে ধর্মীয় অনুষ্ঠান বা সাধারণ মানুষের অনুষ্ঠান বা মেলার আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। হিন্দু কীর্তন থেকে শুরু করে বাউল উৎসব— কোনও কিছুরই অনুমতি মেলেনি বহু বছর ধরে। অথচ তৃণমূল সাংসদের বিয়েতে সেই একই মাঠে কী করে এমন বড় আয়োজন করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সূত্রের খবর মহুয়া ও পিনাকির বিয়ের অনুষ্ঠানে প্রায় ৮ হাজার অতিথি আমন্ত্রিত ছিল। মুর্শিদাবাদের বেলডাঙা থেকে দু’টি বাসে এসে পৌঁছয় রাঁধুনি দল। এলাকায় জারি ছিল কড়া নিরাপত্তা। নিরাপত্তার স্বার্থে শনিবার বিকেল ৩টার পর থেকেই করিমপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কারণ বহু ভিআইপি আমন্ত্রিত ছিল সেই পার্টিতে। ফলে কার্যত অচল হয়ে পড়ে করিমপুর অঞ্চল।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের রিসেপশনের আড়ম্বর ঘিরে প্রশাসনিক বেশ কিছু দিক নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। নদিয়ার করিমপুরের রেগুলেটেড মার্কেটের ফুটবল মাঠে মহুয়ার বিয়ের রিসেপশনের অনুষ্ঠান আয়োজিত অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল কী হিন্দু কীর্তন থেকে শুরু করে বাউল গানের উৎসব কোনওকিছুর তো অনুমতি মেলে না ওই মাঠে। তাহলে তৃণমূল সাংসদের বিয়ের রিসেপশনে এতবড় পার্টির আয়োজন কীভাবে করা হল? ওই পোস্টে দাবি করা হয়েছে, রিসেপশনে ৮ হাজারের বেশি মানুষকে আমন্ত্রণ করা হয়েছিল। ভিআইপিদের আগমণ উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তার আয়োজন ছিল। ফলে কার্যত অচল হয়ে পড়েছিল ওই অঞ্চল।