জন্মদিন উদযাপনে শূন্যে চলল গুলি !

হাওড়ার নাজিরগঞ্জে এলাকার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খানের ছেলের জন্মদিনে শূন্যে গুলি ছোঁড়া হল। এ কেমন উদযাপন ?

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি চলল। আর সেই ছবি ভাইরাল হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র।

দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জ লিচুবাগান এলাকায় প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খান ওরফে গুড্ডু খানের ছেলের জন্মদিনের পার্টিতে বন্দুক হাতে পোজ দেওয়া, ফাঁকা গুলি চালানোর ছবি রাতারাতি ভাইরাল হতেই এলাকায় তোলপাড় পড়ে গেল। স্থানীয়দের অভিযোগ-এমন বিশাল পার্টির আয়োজন করে এভাবে গুলি করাটা  আসলে আতঙ্ক ছড়ানোর ছক।

বুধবার রাতে দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকার দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খানের ছেলের জন্মদিন উদযাপন হচ্ছিল। জন্মদিন উপলক্ষে দেওয়া পার্টিতে বন্দুক থেকে গুলি চালানোর ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ঠিক যেন সিনেমার দৃশ্য। এই ঘটনার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে বৃহস্পতিবার রাতে এলাকার বেশ কিছু বাসিন্দা নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে গণ স্বাক্ষর সম্বলিত অভিযোগ দায়ের করেন। তাঁরা জানান এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। এইরকম ঘটনা ঘটিয়ে এলাকায় ত্রাস ছড়াতে চাইছেন প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খান ওরফে গুড্ডু। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন মাসুদ আলম খান ওরফে গুড্ডু। তিনি বলেন ওটা খেলনা বন্দুক ছিল। জন্মদিন উপলক্ষে বাড়ির ছেলেরা ফায়ারিং করে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। আসলে তৃণমূল কংগ্রেসের একাংশ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। এ ব্যাপারে তিনি সঠিক জায়গায় অভিযোগ জানিয়েছেন। এদিন তিনি সাংবাদিকদের বন্দুক দেখিয়ে দাবি করেন ওটা খেলনা বন্দুক ছিল। যদিও জন্মদিনের পার্টিতে যে বন্দুক দিয়ে ফায়ারিং করা হয়েছে, পরে দেখানো বন্দুক একই কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

গুড্ডু খানের স্ত্রী তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার বোর্ডের মেয়র পারিষদ সদস্য এবং ৪৫ নম্বর ওয়ার্ডের পুরমাতা ছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের টিকিট না পেয়ে তিনি বিজেপিতে চলে যান। যদিও পরে বিজেপিও তাঁকে টিকিট দেয়নি। পরে আবার তৃণমূলে যাওয়ার চেষ্টা করেন তিনি। দলের কিছু নেতা-কর্মীদের আপত্তির কারণে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়নি। তবে হাওড়ার একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখা যায়। যা দলের একাংশ মোটেও ভালো চোখে দেখছে না। এহেন গুড্ডু খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের পর পুলিশ কি ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।