পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি প্রকল্প চালু  হবে :  সুকান্ত

“মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী বা দুয়ারে জঙ্গি প্রকল্প চালু হয়ে যাবে।“

বিশ্বজিৎ মণ্ডল, নিজস্ব সংবাদদাতা:  “এবার পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।“ বিজেপির সাংগঠনিক বৈঠকের আগে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

দিল্লি বিস্ফোরণকাণ্ডে ইতিমধ্যে উত্তর দিনাজপুর থেকে এক চিকিৎসককে গ্রেফতার করেছে এনআইএ৷ স্থানীয় ডালখোলা থানার কোনাল গ্রাম থেকে শুক্রবার জানিসার আলম এলিয়াস জিগার নামে ওই চিকিৎসককে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জন্মসূ্ত্রে ডালখোলার বাসিন্দা হলেও বহুদিন আগেই পঞ্জাবের লুধিয়ানায় চলে গিয়েছে পরিবার৷ এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ গিয়ে এনআইএ গ্রেফতার করে ওই চিকিৎসককে।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “এবার পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।“

 পাশাপাশি সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে, মা গঙ্গা যেমন বিহার হয়ে বাংলায় ঢুকে গিয়েছে, ঠিক তেমনই বিজেপির জয়যাত্রা, বিহার হয়ে বাংলায় প্রবেশ করবে। এরপরই বাংলার জঙ্গলরাজ আমরা উপড়ে ফেলবো”, বলেন সুকান্ত মজুমদার।

“সেজন্য বিজেপির কার্যকর্তারা প্রস্তুত হয়ে বসে আছেন। তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই দলটাকে উপড়ে ফেলার জন্য প্রস্তুত তাঁরা।“ মালদায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বললেন সুকান্ত মজুমদার।

একইসঙ্গে সুকান্ত মজুমদার দাবি করেন, “পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডারের মতো অন্নপূর্ণা যোজনায় ৫০ টাকা বেশি হলেও দেবে সরকার।“

চার সাংগঠনিক জেলা মালদা উত্তর ও দক্ষিণ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বনসল। সভার আগে তৃণমূলকে কটাক্ষ করে সুকান্ত মজুমদারের মন্তব্য, “দিল্লি বিস্ফোরণকাণ্ডে উত্তর দিনাজপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। আগেই বলেছিলাম যে, এবারও বাংলার সঙ্গে লিঙ্ক মিলবে। তেমনটাই হল। যতগুলো বিস্ফোরণ হয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে আছে। এবারও যদি এরকম হয় আমি আশ্চর্য হব না। পাড়ায় পাড়ায় উগ্রপন্থী। বীরভূম, নদিয়া, মালদা ইতিমধ্যে  উগ্রপন্থীদের আখড়া হয়ে উঠেছে। ভারতবর্ষের যেখানেই কোন বিস্ফোরণ হয়, সেখানেই পশ্চিমবঙ্গের লিঙ্ক পাওয়া যায়। আগামীদিনেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকেন, তাহলে পাড়ায় পাড়ায় উগ্রপন্থী বা দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে যাবে। দুয়ারে উগ্রপন্থী প্রকল্পে বিস্ফোরণ এখন দিল্লিতে হচ্ছে এরপরে আপনার দুয়ারে অর্থাৎ আপনার ঘরের সামনে হবে।“