অবাক কাণ্ড! একসঙ্গে তিনটি বাঘ!

খেলার ছলে জলকেলি করতে দেখা গেল ৩টি বাঘকে। সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে পাড় পার হচ্ছিল তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সুন্দরবনের জঙ্গলে ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য। একটা দুটো নয়, একসঙ্গে তিন তিনটি বাঘ ধরা দিল ক্যামেরায়। আসাম থেকে আসা অভিনন্দন রয়, কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়েক এবং ঝড়খালীর তন্ময় মণ্ডল—এই তিন সদস্যের একটি টিম সোমবার সকালে ঝড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। ঠিক দেউল ভাড়ানির কাছাকাছি পৌঁছতেই তাঁদের চোখে পড়ে এক বিরল মুহূর্ত।একসঙ্গে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু দৃশ্যটি শুধু বিরলই নয়। ছিল মনমুগ্ধকরও। তিনটি বাঘ আপনমনে খেলাধুলার মেজাজে খাড়ির ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে পাড় পার হচ্ছিল। জলের উপর ভাসমান রোদ, ঢেউয়ের মৃদু শব্দ আর বাঘেদের স্বাভাবিক আচরণ—সবমিলিয়ে পুরো পরিবেশ ছিল বেশ রোমাঞ্চকর।

অভিনন্দন, ফ্রান্সিস এবং তন্ময়ের ক্যামেরায় বন্দি হয় সেই জলের রাজ্যে বাঘেদের অনবদ্য মুহূর্ত। পর্যটকদের সামনে একসঙ্গে তিনটি বাঘকে সাঁতরাতে দেখা অত্যন্ত বিরল ঘটনা। তাঁদের মতে, এটি শুধু একটি দৃশ্য নয়—সুন্দরবনের বন্যপ্রাণের শক্তি, স্বাধীনতা ও সৌন্দর্যের এক জীবন্ত প্রমাণ। সুন্দরবনের জলে–জঙ্গলে এমনই বিস্ময় অপেক্ষা করে থাকে প্রতিটি দুঃসাহসী অভিযাত্রীর জন্য।

শীতের মরসুম মানেই মিঠে রোদ্দুর গায়ে মেখে পিকনিকের মেজাজে মেতে ওঠা। এইসময়ে সুন্দরবনেও ভিড় জমান পর্যটকেরা। তবে এবার ভ্রমণ, জঙ্গলপ্রিয় বাঙালির খানিকটা হলেও মন খারাপ। কারণ ১১-১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের একাংশ। জলপথে ভ্রমণ করা যাবে না। কারণ এই দুদিন প্রথম পর্যায়ে বাঘ শুমারির কাজ চলবে। প্রতি ৪ বছরে এইসময়ে বাঘ শুমারি হয়।  

চলতি মাসেই শুরু হচ্ছে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন বা সর্বভারতীয় বাঘ শুমারি। সারা দেশের সমস্ত জঙ্গলের সঙ্গে সুন্দরবনে বাঘেদের বর্তমান সংখ্যা কত, সে বিষয়েও গণনা করবেন বনকর্মীরা। তবে সাম্প্রতিক অতীতে যে পরিমাণ বাঘ সুন্দরবনে দেখা গিয়েছে তাতে সুন্দরবনে বাঘেদের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। গত নভেম্বর-ডিসেম্বর মাসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের নিজস্ব বাঘ শুমারিতে ব্যবহৃত ক্যামেরার ছবি বিশ্লেষণ করে তেমনটাই দাবি করেছিল বন দফতর। তবে গতবারের তুলনায় এবার সর্বভারতীয় বাঘ শুমারিতে সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশাবাদী বন আধিকারিকরা। সংখ্যার দিক দিয়ে সর্বশেষ সর্বভারতীয় ব্যাঘ্র শুমারিতে সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল ১০১টি।