সাগর ব্লকে ঐতিহাসিক চওড়া রাস্তার উদ্বোধন

সাগর ব্লকে প্রথমবার ৩.৭৫ মিটার চওড়া ইটের রাস্তার উদ্বোধন করা হল

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ​সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সাগর ব্লকে প্রথমবার ৩.৭৫ মিটার চওড়া ইটের রাস্তার শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। রামকরচর গ্রাম পঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবন বিষয়ক দফতরের উদ্যোগে তৈরি হল এই রাস্তা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করল ১৭০০ মিটার দীর্ঘ এই রাস্তাটি।

​রামকরচরের খাসরামকর কেবির সাহা বাড়ি থেকে মনোরঞ্জন প্রামাণিকের বাড়ি পর্যন্ত সংযোগ স্থাপনকারী এই রাস্তা। শুক্রবার এই উদ্বোধনের মধ্য দিয়ে সাগর ব্লকে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা হল। এই ব্লকে এটিই সর্বপ্রথম এত চওড়া পাকা রাস্তা। যা এলাকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ঐতিহাসিক পরিবর্তন আনবে বলে মনে করছেন স্থানীয়রা।

মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজে হাতে সিমেন্ট বালি দিয়ে ইট গেঁথে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীকালে এখানেই হবে চওড়া রাস্তা।

​উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, “রাজ্য সরকার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বিশেষ নজর দিয়েছে। এই রাস্তা সেই উন্নয়নের একটি অংশ।” তিনি আরও বলেন, এই অত্যাধুনিক চওড়া রাস্তাটি কেবল যাতায়াতের সুবিধাই করবে না।  বরং স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নত করতেও সাহায্য করবে এই রাস্তা।

​এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান, সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয় মানুষজন রাস্তাটি পাওয়ায় সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন। এই রাস্তা সুন্দরবনের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করল।