গুরুতর জখম তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। বাড়িতে তালা দিয়ে চম্পট দিল অভিযুক্ত বিজেপি কর্মী ও পরিবারের সদস্যরা।

মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা: সোনামুখীতে তৃণমূল কর্মী ও তার স্ত্রী এবং মাকে ব্যাপক মারধরের অভিযোগ বিজেপি কর্মী ও তার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে, তৃণমূল কর্মীর স্ত্রীর মাথার গোছা গোছা চুল ছিঁড়ে নিল অভিযুক্তরা। ভাঙচুর করা হয় তৃণমূল কর্মীর কয়েকটা গাড়ি। অভিযোগ দায়ের করা হয় থানায়। আহত তৃণমূল কর্মীকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযুক্ত বিজেপি কর্মী ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে চম্পট। বিজেপি জেলা নেতৃত্ব দাবি এই ধরনের ঘটনা তাদের জানা নেই, তবে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে । বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চামুন্ডা কালিতলার বাসিন্দা তৃণমূলের সক্রিয় কর্মী স্বাধীন বিশ্বাস। অভিযোগ সোমবার রাতে স্বাধীন বিশ্বাস খিচুড়ি খেয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় তাঁর প্রতিবেশী বিজেপি কর্মী বিজয় প্রামাণিক ওরফে বান্টি ওই তৃণমূল কর্মীকে দেখে গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। তৃণমূল কর্মী ঘটনার প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মী বিজয় প্রামাণিককে মারধর করতে থাকে। বাড়ি থেকে বেরিয়ে আসেন বিজেপি কর্মী বিজয় প্রামাণিকের পরিবারের সদস্যরা। আত্মীয়-স্বজন সকলেই মিলে ওই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করতে থাকে বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে তৃণমূল কর্মীর স্বাধীন বিশ্বাসের স্ত্রী ও মা বাড়ি থেকে বেরিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তৃণমূল কর্মীর স্ত্রীর মাথার গোছা গোছা চুল ছিঁড়ে ফেলে অভিযুক্তরা। এমনকি ওই তৃণমূল কর্মীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালায় অভিযুক্তরা। তৃণমূল কর্মী স্বাধীন বিশ্বাসের দাবি পৌরসভা নির্বাচনের সময় তাদের মধ্যে রাজনৈতিক ঝামেলা হয়েছিল। তারপর থেকেই তাদের সঙ্গে প্রায়শই ঝামেলা হত বলে অভিযোগ। গতরাতে সেই ঝামেলা চরমে গিয়ে পৌঁছয়।

রাতেই সেখানে উপস্থিত হযন সোনামুখী শহরের মহিলা তৃণমূল সভানেত্রী। আহত তৃণমূল কর্মী তার স্ত্রী ও মাকে নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। তৃণমূল কর্মীর স্ত্রী ও মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ওই তৃণমূল কর্মীর অবস্থার অবনতি হলে তাঁকে বাঁকুড়া রেফার করা হয়। রাতেই ঘটনার খবর দেওয়া হয় সোনামুখী থানায়। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। এখনও এলাকায় রয়েছে পুলিশি নজরদারি। ইতিমধ্যেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোনামুখী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত বিজেপি নেতা ও তার আত্মীয়দের বিরুদ্ধে।
অভিযুক্ত বিজেপি নেতা তার পরিবারের লোকজন ও আত্মীয়রা বাড়িতে তালা দিয়ে চম্পট দেয় এলাকা থেকে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি, এই ধরনের ঘটনা তাদের জানা নেই। তবে যেহেতু তৃণমূল নেতা মার খেয়েছে। তবে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। কোন রকম ভাগ-বাটোয়ারা নিয়ে তারা হয়তো অশান্তি করেছে।