ভারতীয় মহিলাকে হেনস্থার অভিযোগ চিনের বিরুদ্ধে

লন্ডন থেকে সাংহাইতে গিয়ে সেখান থেকে বিমানে করে জাপানে পৌঁছনোর পরিকল্পনা ছিল পেমার। কিন্তু সাংহাই বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ওই তরুণী।

মাম্পি রায়, সাংবাদিক: বিভিন্ন ইস্যুতে ভারতকে উত্যক্ত করাটা একধরণের স্বভাবে পরিণত হয়েছে চিনের। তা সে সীমান্ত পার করে চিনা সেনার কাঠামো তৈরি করা হোক বা বিদেশি সংগঠনের সামনে ভারতকে ফাঁদে ফেলার চেষ্টা হোক। ভারতের প্রতি চিনে এসমস্ত ব্যবহার আমরা দেখে অভ্যস্ত। এবার যা হল তা কার্যত নজিরবিহীন। ভারতীয় নাগরিককেও উত্যক্ত করতে শুরু করলেন চিনা আধিকারিকরা। গত শুক্রবার লন্ডন থেকে সাংহাই হয়ে জাপান যাচ্ছিলেন এক তরুণী। তাঁর নাম পেমা। লন্ডন থেকে সাংহাইতে গিয়ে সেখান থেকে বিমানে করে জাপানে পৌঁছনোর পরিকল্পনা ছিল পেমার। কিন্তু সাংহাই বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয়। পেমা অভিযোগ করেছেন, অভিবাসন দফতরের আধিকারিকদের কাছে পাসপোর্ট জমা দেওয়ার পরেও দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় তাঁকে। তারপর এক আধিকারিক এসে তাঁকে ‘ভারত-ভারত’ বলে তাঁর নাম ধরে ডাকেন। এর পরে অন্য যাত্রীদের থেকে তাঁকে আলাদা করে দেওয়া হয়। পেমাকে বলা হয়, অরুণাচল ভারতের অংশ নয়। তাই পেমার পাসপোর্টও অবৈধ।

বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পেমা। ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে নালিশ জানিয়েছেন পেমা।

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সাফাই দেয় চিনা বিদেশমন্ত্রক। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিংয়ের সাফাই, “ওই তরুণীকে কোনও ধরনের হেনস্থা করা হয়নি। সীমান্তকর্মীরা আইন-বিধি মেনেই কাজ করেছেন। বিমান সংস্থা তাঁকে জল, খাবারও দিয়েছে। জাংনান অর্থাৎ অরুণাচল আমাদের দেশেরই অংশ। ভারত অবৈধভাবে অরুণাচলপ্রদেশকে দাবি করে। তা কোনওদিনই মানে না চিন।’’

এর পরই মুখ খুলেছে ভারতীয় বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে স্বেচ্ছাচারী ভাবে আটকের বিষয়ে চিনা বিদেশ মন্ত্রকের বিবৃতি দেখেছি। তাঁর বৈধ পাসপোর্ট ছিল এবং তিনি জাপানে যাওয়ার সময় সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাচ্ছিলেন। অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি একটি স্বতঃসিদ্ধ ভাবে সত্য। চিন যতই অস্বীকার করুক, এই বাস্তবকে পাল্টানো যাবে না।’’

আন্তর্জাতিক উড়ানের সমস্ত দেশের নাগরিকদের জন্য ২৪ ঘন্টা পর্যন্ত ভিসা মুক্ত ট্রানজিটের অনুমতি দেওয়া বাধ্যতামূলক। বেজিং ওই যাত্রীর ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    সবমিলিয়ে চিনের সাংহাই বিমানবন্দরে ভারতীয় বংশোদ্ভূত তরুণী পেমাকে হেনস্থার কড়া নিন্দা, এই নিয়ে চিনের জবাব, পাল্টা চিনকে জবাব ভারতের।