অসুস্থ বিএলও-র পাশে দাঁড়ালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী বঙ্কিম হাজরা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: এসআইআর আবহে কেন্দ্রের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমানবিক চাপে পড়ে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, মৃত্যু পর্যন্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের ‘অমানবিক প্রশাসনিক চাপ’ ও ‘অবাস্তব সময়সীমা’র জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নামখানা ব্লকের ২৭৬ নম্বর বুথের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যালয়ের শিক্ষক ও বুথ লেভেল অফিসার (BLO) দেবাশিস দাস। সামান্য ত্রুটির জন্য শাস্তির ভয় থেকে তৈরি হওয়া চরম মানসিক চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁকে প্রথমে কাকদ্বীপ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারকে চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন। এরপরই দ্রুত দেবাশিস দাসকে কলকাতার এসএসকেএম হাসপাতালের CCU -তে স্থানান্তরিত করা হয়।
পাশাপাশি, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দেবাশিস দাসের বাড়িতে উপস্থিত হন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার ও সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের অমানবিক চাপের জেরে ইতিমধ্যেই বহু BLO তাঁদের জীবন হারিয়েছেন এবং এই সংকটের মধ্যেও বিজেপি শুধু রাজনৈতিক ফায়দা তুলতেই ব্যস্ত। দল এই অসুস্থ BLO -র দ্রুত আরোগ্য কামনা করেছে।