শুধু নিজের বিয়ে নয় নিজের বন্ধু-বান্ধবীদের আঠারো বছর বয়সের আগে বিয়ে আটকানো সহ অন্যান্য সামাজিক কাজকর্ম করে ইতিমধ্যে নজর কেড়েছে কাশ্মীরা খাতুন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: নিজের বিয়ে নিজে আটকে মৌসুনির বীরাঙ্গনা চায় পুলিশ হতে। শুধু নিজের বিয়ে নয় নিজের বন্ধু-বান্ধবীদের আঠারো বছর বয়সের আগে বিয়ে আটকানো সহ অন্যান্য সামাজিক কাজকর্ম করে ইতিমধ্যে নজর কেড়েছে কাশ্মীরা খাতুন।
প্রত্যন্ত একটি এলাকার মেয়ে হয়েও যেভাবে ছোট থেকেই সমাজের চোখ রাঙানিকে সে অগ্রাহ্য করে এসেছে। সেই কথা ইতিমধ্যে মুখে মুখে ঘুরছে সকলের মনে।
মৌসুনির বালিয়াড়াতে জন্ম কাশ্মীরার। এখানেই কাজ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তরর ফাউন্ডেশন। এই সংস্থা শিশুদের লিডারশিপ বিল্ড করার চেষ্টা করে। এই সংস্থার সদস্যা কাশ্মীরা। ফলে এখান থেকেই সে অনেক কিছু শেখে।
তবে শেখা আর বাস্তবের মাটিতে প্রয়োগ করে তার ব্যবহার করার যে প্রক্রিয়া তাতে অনেকদূর এগিয়ে গিয়েছে কাশ্মীরা। বর্তমানে কাশ্মীরার বয়স ১৬ বছর। সে চায় আরও পড়াশোনা করতে। চোখে স্বপ্ন পুলিশ হওয়ার।
প্রথমে এই কাজ করতে গিয়ে বাধা এসেছিল বাড়ির লোকজনের কাছ থেকে। পরে বাধা দেয় প্রতিবেশীরাও। কিন্তু থেমে থাকেনি কাশ্মীরার যাত্রা। বর্তমানে রাজ্য সরকারের কাছ থেকে বীরাঙ্গনা পুরষ্কার পেয়ে খুশি কাশ্মীরা। খুশি মৌসুনি দ্বীপের বাসিন্দারাও।