প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা

অবশেষে মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা (Draft Voter List)। খসড়া তালিকায় নিজেদের নাম রয়েছে কিনা, এটা দেখার জন্য কৌতুহল বেড়েছে সকলেরই। কিন্তু কোথায় তাঁদের নাম দেখা যাবে, কোন পদ্ধতিতে দেখতে হবে সেটার স্পষ্ট ধারণা এখনও অনেকেরই নেই। এই নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এমনকী আজ অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও ডুপ্লিকেট ভোটারদের তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলে সেই তালিকা দেখবেন কীভাবে এবং খসড়া তালিকায় যদি নাম না ওঠে, সেক্ষেত্রে কী করবেন, জেনে নিন এখনই।

প্রথমে আসি খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা, সেটা দেখবেন কীভাবে? এরজন্য ecinet অ্যাপে ঢুকে আপনার EPIC Number দিয়ে দেখতে পারেন। এছাড়া https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে ঢুকেও নিজের নাম খুঁজে নিতে পারবেন। এছাড়া https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটেও খসড়া তালিকা প্রকাশ করা হবে। যদিও প্রতিবেদনটি লেখার সময় এখনও পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়নি।

এতো গেল খসড়া তালিকায় নাম আছে কিনা সেটা দেখে নেওয়ার পদ্ধতি। অন্যদিকে অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও ডুপ্লিকেট ভোটারদের তালিকা কীভাবে দেখবেন? এরজন্য https://ceowestbengal.wb.gov.in/asd_sir/ ওয়েবসাইটে গিয়ে EPIC Number দিয়ে কিংবা বিধানসভা কেন্দ্র ও পার্ট নম্বর দিয়ে আপনি দেখে নিতে পারবেন।

এবার আসা যাক যাদের নাম কোনও তালিকাতেই নেই। ওয়েবসাইটে এপিক নম্বর দিয়ে খুঁজলেই দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড। এই মুহূর্তে সবথেকে তাঁরাই বেশি বিভ্রান্তে রয়েছেন। আসলে অনেকেই স্থানান্তরিত হয়েছেন, নতুন এলাকায় ঠিকানা পরিবর্তন করতে পারেননি। এক্ষেত্রে আপনি দ্রুত আপনার বিএলও এবং বিএলএ-দের সঙ্গে যোগাযোগ করুন। সম্ভবত আপনাকে ফর্ম-৬ পূরণ করতে হবে। এই ফর্ম অনলাইনেও যেমন ডাউনলোড করতে পারবেন, তেমনই অফলাইনেও পেয়ে যাবেন। ফর্ম পূরণ করে যথাযথ নথিপত্র দিয়ে জমা করতে হবে। তারপরেই শুনানির জন্য ডাকা হবে আপনাকে।