CM Mamata Banerjee : গঙ্গাসাগরে মুড়িগঙ্গা সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: দোরগোড়ায় ২০২৫ সালের গঙ্গাসাগর মেলা। আগামী ৮ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে পুণ্যার্থীদের এই মহাসম্মেলন। তার আগেই মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সাগরদ্বীপে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরের প্রস্তুতি ঠিক কতটা এগোল, তার খতিয়ান নিতে রবিবার গঙ্গাসাগর পরিদর্শনে গেলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। এদিন জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমাররাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। প্রতিনিধি দলটি মেলার প্রধান চত্বর, কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকা এবং হেলিপ্যাড গ্রাউন্ড পরিদর্শন করেন।

জেলাশাসক প্রতিটি কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন এবং মুখ্যমন্ত্রীর সফরের আগে সমস্ত কাজ নির্ভুলভাবে শেষ করার নির্দেশ দেন। এবারের গঙ্গাসাগর মেলার অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে বাংলার সাতটি বিখ্যাত মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। মেলা প্রাঙ্গণে দর্শকদের নজর কাড়তে এই মন্দিরগুলির বিশাল প্রতিকৃতি তৈরি করা হচ্ছে, যার মধ্যে সবথেকে আকর্ষণীয় হিসেবে থাকছে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। বাংলার শিল্প ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ। এদিন এই মন্দিরগুলোর নির্মাণকাজ খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রীর এই সফর কেবল মেলা পরিদর্শনেই সীমাবদ্ধ থাকছে না। সূত্রের খবর, বহু প্রতীক্ষিত মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন তিনি। এই সেতুটি চালু হলে মুড়িগঙ্গা পারাপারে কয়েক দশকের দুর্ভোগের অবসান ঘটবে। এছাড়াও সুন্দরবনের সার্বিক উন্নয়নে একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। পুণ্যার্থীদের নিরাপত্তা ও মেলার সুষ্ঠু পরিচালনার জন্য ড্রোন নজরদারি এবং সিসিটিভি-র সংখ্যা বাড়ানো হয়েছে। হেলিপ্যাড থেকে মেলা প্রাঙ্গণ—সর্বত্রই কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হচ্ছে। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, “মুখ্যমন্ত্রী নিজে এই মেলার প্রস্তুতির ওপর নজর রাখছেন। রেকর্ড ভিড় সামাল দিতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।”

সবমিলিয়ে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মমতার আগমনকে ঘিরে এখন সাজো সাজো রব দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে।