গঙ্গাসাগর মেলাকে ‘গ্রিন মেলা’ করার উদ্যোগ

Green Gangasagar mela: পরিবেশ রক্ষায় সংকল্প: ২০২৬-এর গঙ্গাসাগর মেলাকে ‘গ্রিন মেলা’ গড়তে ঝাঁটা হাতে মাঠে মন্ত্রী ও প্রশাসন

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ​২০২৬ সালের গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের ব্যবস্থাপনায় সাগরদ্বীপে এক বিশাল সাফাই অভিযান কর্মসূচি পালিত হল।

​এদিন সাফাই অভিযানে অগ্রণী ভূমিকা নেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। খোদ মন্ত্রীকে ঝাঁটা হাতে মেলা চত্বর পরিষ্কার করতে দেখা গেল। তা দেখে মেলায় আসা পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়। অভিযানে সামিল হয়েছিলেন বিডিও কানাইয়া কুমার রাও, জিবিডিএ চেয়ারম্যান সীমন্ত কুমার মালি, ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের নিমাই মহারাজ। উপস্থিত ছিলেন কপিল মুনির আশ্রমের পুরোহিতরাও।

​মূলত মেলা প্রাঙ্গণকে প্লাস্টিকমুক্ত রাখা এবং গঙ্গাসাগরের পবিত্রতা বজায় রাখাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। প্রশাসনের বার্তা— পরিবেশ রক্ষা ও স্বচ্ছতা বজায় রাখতে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা একান্ত প্রয়োজন। ২০২৬-এর গঙ্গাসাগর মেলাকে দেশের সামনে একটি ‘মডেল গ্রিন মেলা’ হিসেবে তুলে ধরতেই এই আগাম প্রস্তুতি।