গঙ্গাসাগরে হঠাৎ অসুস্থ পুণ্যার্থী, প্রশাসনিক তৎপরতায় বাঁচল প্রাণ!

গঙ্গাসাগর মেলা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হল অসুস্থ পুণ্যার্থীকে, প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল প্রাণ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ২০২৬-এর গঙ্গাসাগর মেলায় এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা পুণ্যার্থী শান্তদল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্রথমে গঙ্গাসাগর অস্থায়ী মেলা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে তাঁকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তৎপরতায় ও হ্যাম রেডিওর সহায়তায় দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, ওই অসুস্থ পুণ্যার্থীদের অতি দ্রুত কলকাতার উন্নত হাসপাতালে রেফার করা গিয়েছে। এর ফলে তাঁদের প্রাণরক্ষা করা সম্ভব হয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের আগ্রা থেকে আসা এক বছর ৫২-র ব্যক্তিরও গঙ্গাসাগর মেলায় গিয়ে অবস্থার অবনতি হয়। সাগর অস্থায়ী হাসপাতাল থেকে কলকাতার বাঙুর হাসপাতালে এয়ার  অ্যাম্বুল্যান্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয় তাঁকে। ওই ব্যক্তির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গঙ্গাসাগর মেলায় এই বিশাল আয়োজনের মধ্যেও যে জরুরি স্বাস্থ্য ব্যবস্থা ও প্রশাসনিক সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপন করা গিয়েছে, সেবিষয় ইতিমধ্যে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মানুষজন। প্রয়োজনমতো এরকম ব্যবস্থা আরও দ্রুততার সঙ্গে করতে হবে বলে ভাবনা প্রশাসনের।