এসআইআর-এর নামে হয়রানির অভিযোগ তুলে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ

সত্যজিৎ চক্রবর্তী, নিজস্ব সংবাদদাতা : কোনও কারণ ছাড়াই সাধারণ মানুষকে শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ। টাকি রোডে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ জনগণ। মাটিয়া থানার স্বরূপনগর এলাকায় এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁরা। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড। বিক্ষোভকারীদের অভিযোগ,এসআইআর এর শুনানিতে তাঁরা হাজির হয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন। তারপরও পুণরায় তাদের শুনানিতে ডাকা হয়েছে। নির্বাচন কমিশন তাদেরকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তাঁরা। অবরোধের জেরে বন্ধ টাকি রোডের যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। অন্যদিকে সন্দেশখালি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন দফতরের সামনে এসআইআরে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। তাঁদের দাবি সাধারণ খেটে খাওয়া মানুষের রুটি রোজগার বন্ধ করে বিভিন্ন সরকারি দফতরে ঘুরতে বাধ্য করা হচ্ছে ।

অযথা হয়রানি বন্ধ করতে হবে, তা না হলে সঠিক পদ্ধতিতে এসআইআর কার্যকর করা হোক। বসিরহাট মহকুমা জুড়ে বিভিন্ন ব্লকে এসআইআরের নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে কোথাও বিক্ষোভ, কোথাযও স্রেফ প্রতিবাদ কর্মসূচি পালিত হল। কখনও তৃণমূল কর্মী সমর্থকরা আবার কোথাও সাধারণ মানুষও এসআইআরের প্রতিবাদে নামলেন রাস্তায়। সবমিলিয়ে হয়রানি শেষ নেই মানুষের।