নদিয়ার পলাশী থেকে বাবরি যাত্রায় হুমায়ুন কবির

২২ কিলোমিটার রাস্তা অতিক্রমের মধ্যে দিয়ে নদিয়ায় বাবড়ি যাত্রা হুমায়ুন কবিরের

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা:   মুর্শিদাবাদের পর এবার নদিয়ার পলাশী থেকে শুরু হল বাবরি যাত্রা। প্রায় ২২ কিলোমিটার রাস্তা বাইক র‍্যালির মধ্যে দিয়ে শুরু হয় এই বাবরি যাত্রা। অনুগামীদের সাথে নিয়ে বাইক চালিয়ে এই র‌্যালিতে অংশগ্রহণ করেন হুমায়ুন কবির। বুধবার নদিয়ার পলাশীর মনুমেন্ট থেকে শুরু হয় এই কর্মসূচি। এই র‍্যালি শেষ হয় মুর্শিদাবাদের বেলডাঙায়। এরপরে বক্তব্য রাখেন হুমায়ুন কবির। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবিরের এই ক্যারিশ্মা কতটা কার্যকরী হতে পারে তা বলবে শুধু সময়। যদিও হুমায়ুন কবিরের দাবি, বিরোধী থেকে শুরু করে রাজ্যের শাসকদলের টনক নড়িয়ে দেওয়ার জন্য এই কর্মসূচি আয়োজন করেছে তারা।

“২০২৬ সালে আমরাই দেখিয়ে দেবো” বলেও দাবি করছেন হুমায়ুন কবিরের অনুগামীরা। কয়েকদিন আগেই নতুন করে বাবরি মসজিদ নিয়ে সুর চড়িয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “ইতিহাসে আর কোনদিনই হবে না বাবরি মসজিদ।” কিন্তু তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দলের ঘোষণা করেছেন এই হুমায়ুন কবির। বাবরি মসজিদ তৈরি নিয়ে ঝড় তুলেছেন গোটা রাজ্যজুড়ে। বিরোধীদের কথায় হুমায়ুন কবিরের এই উদ্যোগ সম্পূর্ন আই ওয়াশ। কোনদিনও বাস্তবায়িত হবে না বাবরি মসজিদের স্বপ্ন। তাহলে প্রশ্ন উঠছে কি রাজনৈতিক রণকৌশল তৈরি করছে হুমায়ুন কবির? তার উদ্দেশ্যই বা কী? নাকি সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের শাসকদলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন হুমায়ুন কবির ? তবে একাধিক মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের যেভাবে চ্যালেঞ্জ ছুঁড়ছেন হুমায়ুন কবির।  তাঁর চ্যালেঞ্জে কর্ণপাত করতে নারাজ রাজ্যের শাসক দল। এখন দেখার বিষয় হল, বিধানসভা নির্বাচনের আগে ও পরে কী অবস্থান হয় হুমায়ুন কবিরের। তাঁর বাবরি যাত্রা এবং উদ্দেশ্যই বা কতটা বাস্তবায়ন হয়!