পুলিশি হেফাজতে মূল অভিযুক্ত রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীক পিঞ্চা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সূর্যকুমার যাদবের ছ’টা চার না সাতটা? মোট ক’বল খেলবেন অভিষেক শর্মা? আবার কি অফ স্পিনারের বলে আউট? পাওয়ার প্লে-তে কত রান তুলবে ভারত? হার্দিক চার ওভারে মোট কত রান দেবেন?
মিনিটে মিনিটে বদলে যাচ্ছে প্রশ্নগুলো এবং চলছে লাখ লাখ টাকার লেনদেন।

টি-২০ বিশ্বকাপ নিয়ে ক্রিকেট বেটিং। গোপন সূত্রের ভিত্তিতে এমনই এক ক্রিকেট জুয়া চক্রের পর্দা ফাঁস করল ডিটেকটিভ ডিপার্টমেন্টের ARS( Anti-Rowdy Section). চলতি মাসের ২২ তারিখ টি-২০ বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন গ্রেফতার করা হল চক্রের পান্ডা প্রতীক পিঞ্চাকে।

এই প্রতীক আদতে রাজস্থানের বিকানেরের বাসিন্দা। গত চার বছর ধরে থাকেন হাওড়ায়। প্রতীক ‘অফিস’ খুলে বসেছিলেন মধ্য কলকাতার ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের একটি বাড়িতে। সর্বসমক্ষে নিজেকে ‘কাগজের ব্যবসায়ী’ বলে পরিচয় দিলেও আসলে মোবাইল এবং অন্যান্য ডিভাইস-এ ডিজিটাল বেটিং অ্যাপ বসিয়ে চালাচ্ছিল ক্রিকেট জুয়ার জমজমাট এক সিন্ডিকেট। প্রাথমিক তল্লাশিতে তার অফিস থেকে বাজেয়াপ্ত হয়েছে নগদ ৪০ হাজার টাকা এবং শহরের এক নামী হোটেলের একটি ঘরের চাবি। সেখানেও এই চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। আপাতত ২ মার্চ পর্যন্ত অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ক্রিকেট বেটিং চক্র আরও কতদূর বিস্তৃত, আর কারা জড়িত এই চক্রে, তা খতিয়ে দেখছে পুলিশ।