শিবপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষের নাম ঘোষণার পর বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। শুরু হয়ে গেল দেওয়াল লিখন।

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অভিনেতা রুদ্রনীল ঘোষ-এর নাম ঘোষণার পর থেকেই দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেল। প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই শিবপুরের রামরাজাতলা এলাকায় বিজেপি কর্মীরা রাতেই দেওয়াল লিখন শুরু করে দেন।
স্থানীয় কর্মীদের দাবি, রুদ্রনীল ঘোষের মতো পরিচিত ও জনপ্রিয় প্রার্থী পাওয়ায় তারা অত্যন্ত খুশি। প্রচারের সময় নষ্ট না করে রাত থেকেই বিভিন্ন এলাকায় তাঁর সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে বলে জানান কর্মীরা।
কর্মীদের একাংশের বক্তব্য, আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তারা এখন থেকেই প্রচারে নেমেছেন। তাদের দাবি, প্রায় পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে রুদ্রনীল ঘোষকে জয়ী করার লক্ষ্য নিয়েই কাজ শুরু হয়েছে।
তৃণমূলের ‘বহিরাগত’ তত্ত্ব প্রসঙ্গে বিজেপি কর্মীদের দাবি, রুদ্রনীল ঘোষ শিবপুর এলাকারই ছেলে এবং এখানেই তাঁর বেড়ে ওঠা। ফলে তাঁকে বহিরাগত বলা ঠিক নয় বলেই মত কর্মীদের।
একইসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কাজ না করার অভিযোগও তোলেন বিজেপি কর্মীরা। তাদের দাবি, উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে গিয়ে এবার রুদ্রনীল ঘোষকে জয়ী করতেই তারা মাঠে নেমেছেন।