হাড়োয়ায় পোস্টার নিয়ে চাঞ্চল্য !

একাধিক দেওয়ালে পড়ে পোস্টার। বিতর্কিত পোস্টারে লেখা, প্রার্থী নাকি বাংলাদেশি সংগঠনের সঙ্গে যুক্ত।

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা : দিকে দিকে ভোটপ্রচারের ছবি। তারই মাঝে অন্যতম হাড়োয়া বিধানসভা কেন্দ্র। ১৯৫১ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের উপনির্বাচন-সহ মোট ১৮টি বিধানসভা নির্বাচন হয়েছে হাড়োয়াতে। এই কেন্দ্রটি বরাবরই রাজনৈতিকভাবে পরিবর্তনশীল থেকেছে। সময়ে সময়ে বিভিন্ন দলের প্রতি সমর্থন বদলেছে। এক সময়ে এটি কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। পরবর্তী সময়ে এটি সিপিআই(এম)-এর দুর্গে পরিণত হয়। তবে ২০১১ সালে রাজ্যে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসানের পর থেকে শাসক তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে শক্ত অবস্থান গড়ে তোলে। সেই হাড়োয়ায় এবার পোস্টার নিয়ে শুরু চাঞ্চল্য। একাধিক দেওয়ালে পড়ে পোস্টার। কার বিরুদ্ধে সেই পোস্টার? কী লেখা সেই পোস্টারে ?

উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু দেওয়ালে পড়ে বিস্ফোরক পোস্টার। প্রার্থীর বিরুদ্ধে বাংলাদেশ যোগ, অবৈধ লেনদেনের অভিযোগে সরগরম হাড়োয়া। অভিযোগের নিশানায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল মাতিন। তাঁর বিরুদ্ধে পড়ে পোস্টার। বিতর্কিত পোস্টারে লেখা, প্রার্থী নাকি বাংলাদেশি সংগঠনের সঙ্গে যুক্ত। বাংলাদেশি সংস্থাকে আর্থিক সাহায্যের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অবৈধ লেনদেন, ও কোটি টাকার আর্থিক কারবারের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে। রয়েছে সিবিআই ও ইডি তদন্তের দাবি। কিছু পোস্টারে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব ও আফগানিস্তান থেকে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ। পোস্টারে জবাব চাওয়া হয় প্রার্থীর থেকে। পোস্টারের নিচে লেখা, সাধারণ নাগরিকবৃন্দ।

এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাব করা হয় তৃণমূলের তরফে।

হাড়োয়ার পোস্টার বিতর্ক আবারও সামনে আনল নির্বাচনী রাজনীতির এক অন্ধকার দিক। ভোটের লড়াই কি নীতির ভিত্তিতে হবে? নাকি কুৎসা ও অভিযোগের ওপর দাঁড়িয়ে?এই প্রশ্নের উত্তরই ঠিক করবে, ভোট শুধু ক্ষমতার লড়াই, নাকি গণতন্ত্রের উৎসব।