নকল পা ব্যবহার করে মাদক পাচারের অভিযোগ। পাচারের ছক ভাঙল পুলিশ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুরের কৃষ্ণমোহন বাইপাস, গভীর রাতে হেরোইন পাচারের পর্দা ফাঁস। ২জনকে গ্রেফতার করা হল।
এক বাইক দ্রুত গতিতে ছুটে চলেছে, চালাচ্ছে আমিনুল গাজী। পেছনে বসে মাসুদ আলী, যার ডান পা নেই। তার জায়গায় একটা নকল পা। বাইকটা দেখে সাধারণই মনে হবে, পুলিশ গাড়িটি দাঁড় করাতেই অভিনয় শুরু মাসুদের।
পুলিশের কাছে আগেই খবর ছিল—এই বাইকে লুকিয়ে আছে মাদক। বারুইপুর থানার বিশেষ টিম আর SOG টিম মিলে ঠিক বাইপাসের মোড়ে বাইকটির জন্য অপেক্ষা করছিল।
“থামুন!” পুলিশের চিৎকারে আমিনুল প্রথমে পালাতে চায়। কিন্তু চারদিক ঘিরে ফেলে পুলিশ। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ১ কেজি ৮০০ গ্রাম হিরোইন।

মাসুদ আলী, যার ডান পা একটি দুর্ঘটনায় বাদ গিয়েছে। নকল পা ব্যবহার করত। কিন্তু এই নকল পা-ই তার অপরাধের ঢাল ছিল। কেউ সন্দেহ করত না, পঙ্গু মানুষটা মাদক পাচার করছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, মাসুদ আর আমিনুল শুধু ডেলিভারি ম্যান। এদের পেছনে আরও বড় চক্র আছে। মাসুদ তার পঙ্গুত্বকে কাজে লাগিয়ে সবার সন্দেহ এড়িয়ে এই ব্যবসা চালাচ্ছিল।
পুলিশ ঘটনার তদন্ত করছে—এই হিরোইন কোথা থেকে আসত, আর কারা এর মাথা। কিন্তু মাসুদ আর আমিনুলের গ্রেফতারি শুধু একটা পর্দা সরিয়েছে। এর পেছনে যে অন্ধকার জগত আছে, তা এখন পুলিশ তদন্ত করে দেখবে ।
ধৃত দুজনকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে।