‘‘উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম আকাশছোঁয়া। ভোটের আগে প্রতিশ্রুতি, পরে গ্যাসবেলুন উড়ে যায়।’’

মাম্পি রায়, সাংবাদিক : রঘুনাথপুরের সভা থেকে আক্রমণ ও পাল্টা প্রতিশ্রুতির ঝড় তুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপিকে নিশানা করে একাধিক ইস্যুতে তোপ দাগার পাশাপাশি ভোটারদের উদ্দেশে একগুচ্ছ বার্তাও দিলেন তিনি।
সভা মঞ্চ থেকে তাঁর সরাসরি আবেদন, ‘‘ভোটটা জোড়াফুলকে না দিলে বিজেপি সব কেড়ে নেবে।’’ কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করে তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হবে। উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে।
ভোটের লড়াইয়ে সতর্ক থাকার বার্তাও দেন তৃণমূলনেত্রী। তাঁর কথায়, ‘‘সকালে জোট বেঁধে ভোট দিন। ভোটবাক্স রক্ষা করুন।’’ একই সঙ্গে অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, ‘‘১ কোটি ২০ লক্ষ নাম কাটা হয়েছে।’’
বিজেপিকে ‘ভ্যানিশিং মেশিন’ কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যতই নাম কাটো, বাংলা জিতবে তৃণমূলই।’’ তিনি আরও দাবি করেন, বিজেপি ভোট কেনার চেষ্টা করছে। সেই প্রসঙ্গে সতর্ক করে বলেন, ‘‘টাকা নেবেন না, মর্যাদার সঙ্গে লড়াই করুন।’’
রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের উল্লেখ করে নিজের সরকারের সাফল্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী-সহ নানা প্রকল্পের কথা উল্লেখ করে তাঁর দাবি, ‘‘আমরা সকলকে সুবিধা দিই, কোনও ভেদাভেদ করি না।’’ কৃষকদের জন্য আর্থিক সহায়তা, যুবদের জন্য কর্মসংস্থান—সব ক্ষেত্রেই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, ‘‘উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম আকাশছোঁয়া। ভোটের আগে প্রতিশ্রুতি, পরে গ্যাসবেলুন উড়ে যায়।’’
রাজ্যে উন্নয়ন প্রসঙ্গেও একাধিক দাবি করেন তিনি। জানান, লক্ষাধিক বাড়ি তৈরি, গ্রামীণ রাস্তা নির্মাণ, পুকুর খনন, স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ—সব ক্ষেত্রেই কাজ হয়েছে। পুরুলিয়ায় বিনিয়োগ ও কর্মসংস্থানের কথাও তুলে ধরেন। ‘‘রঘুনাথপুরেই দেড় লক্ষ চাকরির ব্যবস্থা হচ্ছে,’’ দাবি তাঁর।
ধর্ম ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘ধর্ম একটাই—মানবধর্ম।’’ বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।
সব মিলিয়ে ভোটের মুখে রঘুনাথপুরের সভা থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে উন্নয়ন ও সামাজিক প্রকল্পকে সামনে রেখে ফের ক্ষমতায় ফেরার আস্থা প্রকাশ করেন তৃণমূলনেত্রী।