দোকানে ঢুকে চা বানালেন তৃণমূল প্রার্থী

কখনও রান্নাঘরে ঢুকে রান্না, কখনও আবার সেলুনে বসে দাড়ি কাটা। সেই তালিকাতেই এবার যুক্ত হল চা বানানো।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নির্বাচনী প্রচারে অভিনব চমক দেখা গেল। ভোটের মরশুমে প্রার্থীদের নানা রকম জনসংযোগ কর্মসূচি নতুন কিছু নয়—কখনও রান্নাঘরে ঢুকে রান্না, কখনও আবার সেলুনে বসে দাড়ি কাটা। সেই তালিকাতেই এবার যুক্ত হল চা বানানো।

শনিবার বিকেলে প্রচারে বেরিয়ে সোনারপুর উত্তরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরদৌসী বেগম বোরাল রক্ষিতের মোড়ের একটি চায়ের দোকানে হঠাৎই ঢুকে পড়েন। এরপর দোকানের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়ে চা বানাতে শুরু করেন তিনি। শুধু চা তৈরি করাই নয়, উপস্থিত কর্মী-সমর্থক এবং স্থানীয়দের হাতে নিজে চা পরিবেশনও করেন বিধায়ক।

বিধায়কের হাতে তৈরি চা পান করেন একাধিক কাউন্সিলরসহ এলাকার বয়স জ্যেষ্ঠ মানুষজন ও কয়েকশো কর্মী-সমর্থক। এই ঘটনাকে ঘিরে এলাকায় উৎসাহের আবহ তৈরি হয়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং সহজ-সরল ভাবমূর্তি তুলে ধরতেই এমন উদ্যোগ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচি যে ভোটারদের কাছে প্রার্থীদের আরও কাছাকাছি নিয়ে আসে, তা বলাই বাহুল্য। ফিরদৌসী বেগমের এই চা-পর্বও যে প্রচারে নতুন মাত্রা যোগ করল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।