মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়াতে পারে আশঙ্কা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : পর পর দু’টি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা। রাজধানী কারাকাস-সহ দেশের বিস্তীর্ণ এলাকায় বহু বহুতল ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। এখনও পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা জানা না গেলেও, মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে যে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে এক লক্ষের মধ্যে হতে পারে।
এই বিপর্যয়ে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সমাজমাধ্যম এক্স-এ তিনি লেখেন, ‘‘ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তাতে আমি গভীর ভাবে মর্মাহত। ভারতের জনগণের পক্ষ থেকে ভেনেজুয়েলার সরকার এবং সে দেশের নাগরিকদের প্রতি সমবেদনা জানাই। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে ভারতের পক্ষ থেকে সব রকম সাহায্য করতে আমরা প্রস্তুত।’’

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাসের পশ্চিমে একই এলাকায় পর পর দু’টি শক্তিশালী কম্পন অনুভূত হয়। ইউএসজিএস সূত্রে জানা গিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্রস্থল ছিল কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার দূরে সান ফেলিপে অঞ্চলের কাছে। প্রথম কম্পনের কিছু ক্ষণের মধ্যেই দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। তার মাত্রা ছিল ৭.৫ এবং কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার দূরে ইয়ুমারে এলাকার কাছে।
ভূমিকম্পের জেরে কারাকাস-সহ একাধিক শহরে বহুতল ও আবাসন ভেঙে পড়েছে। বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থাও বহু জায়গায় বিপর্যস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ দল।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। এক টেলিভিশন ভাষণে তিনি জানান, এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। যদিও মৃতের নির্দিষ্ট সংখ্যা তিনি প্রকাশ করেননি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে দিনরাত এক করে কাজ করছেন উদ্ধারকারীরা। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আসতে আরও সময় লাগবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।