এদিকে বাণিজ্যিক জাহাজের উপর কোনও টোল, বিমা খরচ বা অতিরিক্ত চার্জ আরোপের পক্ষপাতী নয় ওয়াশিংটন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলির জন্য বিশেষ বিমা ব্যবস্থা চালুর প্রস্তাব দিল ইরান। একই সঙ্গে, হরমুজ প্রণালী ব্যবহারকারী তেলবাহী জাহাজগুলির কাছ থেকে পরিষেবা বাবদ নির্দিষ্ট ফি আদায়ের পক্ষে সওয়াল করলেন ইরানের শীর্ষ নেতা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-র প্রাক্তন কমান্ডার মেজর জেনারেল মহসেন রেজ়াই। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ফের আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম নিউজ়নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজ়াই বলেন, হরমুজ প্রণালীকে নিরাপদ রাখা, পরিবেশ রক্ষা এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি কমাতে একটি কার্যকর বিমা কাঠামো গড়ে তোলা প্রয়োজন। তাঁর কথায়, ‘‘যে সব জাহাজ কোনও দুর্ঘটনায় পড়বে বা সমস্যার মুখোমুখি হবে, তাদের আর্থিক সুরক্ষার জন্য একটি বিমা ব্যবস্থা থাকা উচিত। এতে ঝুঁকি অনেকটাই কমবে।’’
তবে এই পরিষেবা এবং নিরাপত্তা ব্যবস্থার খরচ ইরানের সাধারণ মানুষের উপর চাপানো যাবে না বলেও স্পষ্ট জানিয়েছেন রেজ়াই। তাঁর বক্তব্য, ‘‘হরমুজ প্রণালীর নিরাপত্তা বজায় রাখা এবং পরিবেশ রক্ষার জন্য যে খরচ হবে, তা ইরানের জনগণের পকেট থেকে আসতে পারে না। যাঁরা এই জলপথ ব্যবহার করে তেল পরিবহণ করছেন, তাঁদেরই সেই ব্যয় বহন করা উচিত।’’
হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের উপর ফি বা টোল আরোপের প্রশ্নে বর্তমানে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে মতবিরোধ তীব্র হয়েছে। ইরানের দাবি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নিরাপত্তা এবং অন্যান্য পরিষেবা নিশ্চিত করতে ব্যবহারকারীদের আর্থিক অবদান রাখা উচিত। অন্য দিকে, আমেরিকা বরাবরই আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ-চলাচলের পক্ষে সওয়াল করে এসেছে এবং কোনও ধরনের টোল ব্যবস্থার বিরোধিতা করেছে।
এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া অবস্থান নিয়েছেন। সম্প্রতি ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘‘চুক্তির অংশ হিসেবে যদি জাহাজ চলাচলের উপর কোনও ফি আরোপ করা হয়, তা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এমনটা হলে বিশ্বের অন্য গুরুত্বপূর্ণ প্রণালীগুলিতেও একই দাবি উঠতে পারে।’’
তবে ট্রাম্পের দাবি, ইরান ইতিমধ্যেই ওয়াশিংটনকে আশ্বাস দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের উপর কোনও টোল, বিমা খরচ বা অতিরিক্ত চার্জ আরোপ করা হবে না। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেনি তেহরান।
প্রসঙ্গত, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এই জলপথ ঘিরে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।