মহাকাশ থেকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রুশ মহাকাশচারীদের, হাতে তেরঙ্গা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক: পৃথিবীর মাটি থেকে বহু দূরে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের আগে বিশেষ শুভেচ্ছা জানালেন রুশ মহাকাশচারীরা। হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে তাঁরা ভারতবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি মহাকাশ গবেষণায় ভারত-রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার কথাও তুলে ধরেছেন তাঁরা।
এক ভিডিয়ো বার্তায় রুশ মহাকাশচারী পিয়ত্র দুব্রভ বলেন, ‘‘প্রিয় বন্ধুরা, আজ ভারত তার ৮০তম স্বাধীনতা দিবস উদ্যাপন করছে।’’ ভারতীয়দের শান্তি ও সমৃদ্ধির শুভেচ্ছা জানান তিনি। মহাকাশচারীদের বার্তায় উঠে আসে ভারত-রাশিয়ার দীর্ঘ কয়েক দশকের সম্পর্কের কথাও। তাঁদের মতে, মহাকাশ গবেষণা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
এ বারের স্বাধীনতা দিবসের সঙ্গে মহাকাশ অভিযানের ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। ৬৫ বছর আগে, ১৯৬১ সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসাবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। ওই বছরের নভেম্বরেই ভারত সফরে এসেছিলেন গ্যাগারিন। তাঁর ভারত সফর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও ভারতের বন্ধুত্বকে আরও দৃঢ় করার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
ভারত-রাশিয়া মহাকাশ সহযোগিতার ইতিহাসও দীর্ঘ। ১৯৭৫ সালে সোভিয়েত রকেটে ভারতের প্রথম উপগ্রহ ‘আর্যভট্ট’ মহাকাশে উৎক্ষেপণের মধ্য দিয়ে এই সহযোগিতার সূচনা। এর প্রায় এক দশক পরে, ১৯৮৪ সালে সোভিয়েত মহাকাশযান সোয়ুজ টি-১১-তে চড়ে মহাকাশে যান প্রথম ভারতীয় রাকেশ শর্মা।
রুশ মহাকাশচারী আনা কিকিনা জানান, ভারত-রাশিয়ার মহাকাশ সহযোগিতা এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। ভারতের মানব মহাকাশযাত্রা কর্মসূচি ‘গগনযান’-এর জন্য নির্বাচিত গগনযাত্রীদের একাংশ রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়েছেন।
ভারত-রাশিয়া মহাকাশ সহযোগিতা উদ্যাপন করতে রসকসমস, ভারতে তাদের দফতর এবং ইসরোর উদ্যোগে একটি যৌথ প্রতিযোগিতার আয়োজনের কথাও জানানো হয়। শেষে ভারতীয় পতাকা তুলে ধরে রুশ মহাকাশচারী আন্দ্রেই ফেদিয়ায়েভের বার্তা— ‘‘দীর্ঘজীবী হোক ভারত-রাশিয়া বন্ধুত্ব।’’