বেজিংয়ে ডোভাল-ওয়াং বৈঠক মঙ্গলবার, সীমান্ত নিয়ে ২৫তম দফার আলোচনা

সীমান্ত-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মঙ্গলবার বেজিংয়ে বৈঠকে বসতে চলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারত-চিন সীমান্ত প্রশ্নে দুই দেশের বিশেষ প্রতিনিধিদের মধ্যে এটি হবে ২৫তম দফার বৈঠক। সোমবার দু’দিনের সফরে চিনে পৌঁছেছেন ডোভাল।
চিনের বিদেশ মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, মঙ্গলবার বেজিংয়ে আলোচনায় সহ-সভাপতিত্ব করবেন ওয়াং এবং ডোভাল। ওয়াং চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় বিদেশনীতি সংক্রান্ত কমিশনের দফতরের ডিরেক্টরও। সীমান্ত প্রশ্নে চিনের বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি এই বৈঠকে যোগ দেবেন।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওয়াংয়ের আমন্ত্রণেই ডোভালের এই সফর। দু’দিনের সফরে চিনের উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।
এর আগে জুন মাসে নয়াদিল্লিতে ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে ডোভাল এবং ওয়াংয়ের সাক্ষাৎ হয়েছিল। সেই বৈঠকে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিদেশ মন্ত্রকের দাবি, আলোচনায় দুই পক্ষই সম্পর্ক স্বাভাবিক করার পথে অগ্রগতির কথা স্বীকার করেছিল।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ডোভাল ও ওয়াংয়ের আলোচনা ছিল ‘গঠনমূলক এবং ভবিষ্যতমুখী’। স্থিতিশীল এবং গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক দুই দেশের মধ্যে আস্থা ও বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন ডোভাল।
লাদাখে ২০২০ সালের সংঘাতের পর দীর্ঘ সময় ভারত-চিন সম্পর্কে যে টানাপড়েন চলেছে, তার প্রেক্ষিতে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একাধিক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বৈঠকের পর দুই দেশের সম্পর্কেও ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছে।
গত বছর তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে মোদী-শি বৈঠকে দুই নেতা সম্পর্কের ইতিবাচক গতি বজায় রাখার পক্ষে সওয়াল করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, ভারত ও চিন পরস্পরের উন্নয়ন-সহযোগী, প্রতিদ্বন্দ্বী নয়। মতপার্থক্য যাতে সংঘাতে পরিণত না হয়, সেই লক্ষ্যেই মঙ্গলবারের ডোভাল-ওয়াং বৈঠক নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।