সৌদিতে তদন্তের পর আমিরশাহির হাতে ফ্লাইদুবাইয়ের হামলাকারী

মাঝ আকাশে পাইলটকে ছুরিকাঘাত করে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ। সেই ঘটনায় অভিযুক্ত ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটকে প্রথমে জিজ্ঞাসাবাদ করবে সৌদি আরব। প্রাথমিক তদন্ত শেষ হলে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দেওয়া হবে বলে ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে বুধবার ঘটনাটি ঘটে। অভিযোগ, ককপিটে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের উপর হামলা চালিয়ে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন সহ-পাইলট। গুরুতর আহত অবস্থাতেও ককপিটের দরজা খুলে দেন স্মিত। এর পর যাত্রী এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটেরা পরিস্থিতি সামাল দেন। বিমানটি ঘুরিয়ে সৌদি আরবের তাবুকে নিরাপদে নামানো হয়।

‘টাইমস অব ইজ়রায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদিতে প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর অভিযুক্তকে আমিরশাহির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। ইজরায়েলি কর্তাদের আশা, ঘটনার আসল কারণ এবং অভিযুক্তের উদ্দেশ্য সম্পর্কে আমিরশাহির তদন্তে আরও তথ্য সামনে আসবে।

এ দিকে, সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রক জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তাদের বিচার বিভাগ। অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসির নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পাবলিক প্রসিকিউশন। বিমানের রেজিস্ট্রেশন এবং জাতীয় পতাকার ভিত্তিতে এই ঘটনায় আমিরশাহির আইনি এক্তিয়ার রয়েছে বলেও জানিয়েছে তারা।

গুরুতর আহত স্মিত বর্তমানে চিকিৎসাধীন। তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবারের সঙ্গেও কথা বলেছেন তিনি। মোদীর কথায়, গুরুতর আহত হয়েও স্মিত যে উপস্থিত বুদ্ধি ও সাহস দেখিয়েছেন, তাতে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

১৩ বছরের বেশি সময়ের বাণিজ্যিক বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে স্মিতের। প্রায় ৯,৭৫০ ঘণ্টা বিমান চালিয়েছেন তিনি। ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার আগে ১১ বছর স্পাইসজেটে লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসাবে কাজ করেছেন।