শুরুটা ছিল নীরব। প্রথম সপ্তাহে বড়সড় ব্যবসার কোনও ইঙ্গিতও ছিল না। কিন্তু মুখে মুখে ছড়াতে ছড়াতে বক্স অফিসে অন্য ছবি দেখাল ‘হনুমান অংশ’। আট সপ্তাহ পেরিয়ে দেশের বাজারে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৩১৭.৩৩ কোটি টাকা। বিশ্বজুড়ে ছবির মোট আয় ৪১৪ কোটি টাকা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
পরিচালক ড. বিশাল চতুর্বেদীর এই ভক্তিমূলক বায়োপিকটি ৫৬তম দিনেও ব্যবসা ধরে রেখেছে। Sacnilk-এর হিসাব অনুযায়ী, ৫৬তম দিনে ৪,৩৪৫টি শো থেকে ছবিটি আয় করেছে ২.৮৫ কোটি টাকা। এর ফলে দেশে মোট গ্রস আয় ৩৭৪.৮০ কোটি টাকা এবং নেট আয় ৩১৭.৩৩ কোটি।
বিদেশের বাজারেও ছবির দৌড় অব্যাহত। ৫৬তম দিনে বিদেশ থেকে এসেছে ১০ লক্ষ টাকা। এখনও পর্যন্ত বিদেশে ছবিটির মোট গ্রস আয় ৩৯.২০ কোটি টাকা। ফলে বিশ্বব্যাপী মোট সংগ্রহ পৌঁছেছে ৪১৪ কোটি টাকায়।
তবে ছবিটির বক্স অফিস যাত্রার সবচেয়ে চমকপ্রদ দিক হল, শুরুতে তেমন দর্শক টানতে পারেনি ‘হনুমান অংশ’। প্রথম সপ্তাহে আয় হয়েছিল মাত্র ১.০৮ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে ৪০ লক্ষ এবং তৃতীয় সপ্তাহে ১০.৪০ কোটি টাকা। এর পর থেকেই ছবির ব্যবসায় আসে বড়সড় পরিবর্তন। চতুর্থ সপ্তাহে ৬১ কোটি, পঞ্চম সপ্তাহে ৯০.২৫ কোটি এবং ষষ্ঠ সপ্তাহে ৮০.২৫ কোটি টাকা আয় করে ছবিটি। সপ্তম সপ্তাহেও সংগ্রহ হয়েছে ৪৪.৮০ কোটি টাকা।
মুখে মুখে প্রচারই ছবির ব্যবসার অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ছবির বিষয়ও তৈরি করেছে নির্দিষ্ট দর্শকগোষ্ঠী। নিম করোলি বাবার ভক্তমহল ভারত ও বিদেশের মাটিতে ছড়িয়ে রয়েছে। তাঁর জীবনকে কেন্দ্র করে তৈরি ছবি সেই দর্শকদের কাছে আলাদা আগ্রহের তা বলাই বাহুল্য।
ড. বিশাল চতুর্বেদীর ‘হনুমান অংশ’ তাঁর লেখা Divine Detour: That Changed My Life অবলম্বনে তৈরি। ছবিতে নিম করোলি বাবার জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। মুখ্য চরিত্রে রয়েছেন শোভিনাও সত্যা এবং চন্দন আনন্দ।
ছবিটির প্রযোজনাতেও রয়েছে চমক। মাত্র ২১ বছর বয়সি অনুপ্রিয়া নাগর অন্যতম কনিষ্ঠ মহিলা প্রযোজক। ছবির মোট বিনিয়োগের এক-তৃতীয়াংশ তিনি নিজেই করেছেন বলে দাবি নির্মাতাদের। তাঁর বক্তব্য, নিম করোলি বাবার আশীর্বাদের প্রতি বিশ্বাস থেকেই এই বিনিয়োগ।