‘হনুমান অংশ’-এর সাইড এফেক্ট? ক্যাঞ্চিধামে ঢলে উদ্বেগ!

বক্স অফিসে একের পর এক ছবিকে টক্কর দিচ্ছে ‘হনুমান অংশ’। ‘মির্জাপুর: দ্য মুভি’, ‘আওয়ারাপন ২’-এর সঙ্গে লড়াই পেরিয়ে এ বার অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’-এর সঙ্গেও জমে উঠেছে টক্কর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

‘হনুমান অংশ’ মুক্তির দেড় মাস পরেও ছবির ব্যবসায় ভাটা পড়েনি। বরং দর্শকের আগ্রহ ক্রমেই বাড়ছে। আর সেই প্রভাব এ বার দেখা যাচ্ছে উত্তরাখণ্ডের নিম করোলি বাবার ক্যাঞ্চি ধামেও। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য অনুযায়ী, এই সিনেমা দেখার পর বহু ভক্ত নিম করোলি বাবার ওই আশ্রমে পৌঁছে যাচ্ছেন। ফলে ব্যাপকভাবে বাড়ছে ভিড়। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছবির পরিচালক বিশাল চতুর্বেদী।

ক্যাঞ্চি ধামের সঙ্গে নিম করোলি বাবার গভীর আধ্যাত্মিক যোগ রয়েছে। সেখানে রয়েছে তাঁর আশ্রম এবং হনুমান মন্দির। ‘হনুমান অংশ’ মুক্তির পর নিম করোলি বাবার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জায়গা নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে বলে দাবি করা হচ্ছে। সেই আগ্রহেরই প্রভাবই পড়ছে ক্যাঞ্চি ধামে।

রবিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তায় পরিচালক ভক্তদের উদ্দেশে সতর্কবার্তা দেন। বিশাল চতুর্বেদীর বক্তব্য, এই মুহূর্তে ক্যাঞ্চি ধামে অত্যন্ত বেশি ভিড় হচ্ছে। ফলে পরিস্থিতি না জেনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

পরিচালক বলেন, ‘‘এই মুহূর্তে ক্যাঞ্চি ধামে প্রচণ্ড ভিড় হচ্ছে। অনেকেই বলছেন, ‘হনুমান অংশ’ দেখার পর মানুষ সেখানে পৌঁছে গিয়েছেন। সেটা সত্যি হোক বা না হোক, সকলের উচিত যাওয়ার আগে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জেনে নেওয়া।’’

শুধু ভিড় নয়, শিশু ও মহিলাদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অতিরিক্ত ভিড়ে শ্বাসকষ্ট কিংবা যানজটে আটকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশাল চতুর্বেদী। তাই আপাতত ক্যাঞ্চি ধামে না গিয়ে নিম করোলি বাবার অন্য আশ্রম, বিশেষ করে বৃন্দাবনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অর্থাৎ, পর্দায় ‘হনুমান অংশ’-এর জনপ্রিয়তার ঢেউ এ বার আছড়ে পড়েছে বাস্তবের তীর্থক্ষেত্রেও। সিনেমার ‘সাইড এফেক্ট’ যে এমন হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।