ফের মা হচ্ছেন কিয়ারা

ফের সুখবর বলিউডের তারকা দম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রার পরিবারে। বুধবার যৌথ পোস্ট করে তারকা দম্পতি জানান, তাঁরা দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সমাজমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, বাবা-মা এবং সন্তানের হাত পরস্পরের উপর রাখা। তাঁদের ছোট্ট মেয়ের হাতটি একজোড়া ক্ষুদে মোজা ধরে রয়েছে। ছবির সঙ্গে লেখা, ‘‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহার পেয়ে আশীর্বাদধন্য। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’’

তারকা দম্পতির পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। করণ জোহর এবং অথিয়া শেট্টি-সহ বলিউডের একাধিক তারকা ভালবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

২০২৫ সালের ১৫ জুলাই প্রথম সন্তানের বাবা-মা হয়েছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। মুম্বইয়ের গিরগাঁওয়ের এইচএন রিলায়্যান্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। নির্ধারিত সময়ের আগেই জন্ম হয়েছিল শিশুটির। পরে মেয়ের নাম রাখা হয় সারায়াহ মলহোত্রা।

প্রথম বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ থেকে শুরু করে মেয়ের নাম ঘোষণা—দু’ক্ষেত্রেই ক্ষুদে মোজার ছবি ব্যবহার করেছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। দ্বিতীয় বার সুখবর দেওয়ার ক্ষেত্রেও সেই একই ধারা বজায় রাখলেন তাঁরা।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের প্রেমের সম্পর্কের সূত্রপাত। পরে ২০২১ সালে মুক্তি পাওয়া ছবিতে তাঁদের সম্পর্ককে আরও আলোচনায় নিয়ে আসে।

‘কফি উইথ করণ’-এ কিয়ারা জানিয়েছিলেন, রোমে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিদ্ধার্থ। এমনকি সেই মুহূর্তে ‘শেরশাহ’-এর সংলাপ বলেই প্রেম নিবেদন করেছিলেন অভিনেতা।

কাজের দিক থেকে সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছে লোককথা-নির্ভর ফ্যান্টাসি ছবি ‘দ্য ভ্যান’-এ। কিয়ারা শেষ অভিনয় করেছেন যশ অভিনীত ‘টক্সিক’ ছবিতে।