সৌদি আরবে হামলা, সরব ভারত

বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত কয়েক দিনে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। তাতে মৃত্যু হয়েছে তিন জনের, আহত ৩৬। আবহা বিমানবন্দরে দু’জনের মৃত্যু এবং ২৮ জন আহত হয়েছেন। অন্য দিকে, কিং খালিদ বিমানবন্দরে এক জন নিহত এবং আট জন আহত হয়েছেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ঘটনার পরেই পাল্টা সামরিক অভিযানে নামে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি দাবি করেছেন, ইয়েমেনে হুথি গোষ্ঠীর ৮২টি ‘বৈধ সামরিক লক্ষ্য’ ধ্বংস করা হয়েছে। তার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি, অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুতকেন্দ্র, কম্যান্ড ও কন্ট্রোল সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এবং হুথি যোদ্ধাদের জমায়েতের জায়গা। সানা শহরে সৌদি আরবকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নেওয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে বলে দাবি জোটের।

সৌদি কর্তৃপক্ষের মতে, ৬ এবং ৭ অক্টোবর পৃথক ভাবে দুই বিমানবন্দরে হামলা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরগুলির পরিকাঠামোর ক্ষয়ক্ষতি এবং নিরাপত্তা পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-ও। সংগঠনের মহাসচিব জাসিম মহম্মদ আল-বুদাইউই হামলাকে ‘পদ্ধতিগত অপরাধ’ বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, বিমানবন্দরকে নিশানা করে যাত্রী, কর্মী ও সাধারণ মানুষের জীবন বিপন্ন করা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির ‘গুরুতর লঙ্ঘন’।

এ দিকে, সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদেরও সতর্ক করেছে সে দেশের মার্কিন মিশন। বিমানবন্দর ও আকাশসীমায় হুথি হামলার আশঙ্কায় নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি এবং সৌদি-সমর্থিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছেন।