রোম্যান্টিক গানের সুরে যাঁর কণ্ঠে মজেছেন অগণিত শ্রোতা, এ বার সেই গায়কই মঞ্চ কাঁপালেন অন্য অবতারে!

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গান ‘বিলি জিন’ গেয়ে এবং তাঁর বিখ্যাত নাচের ভঙ্গি নকল করে দর্শকদের চমকে দিলেন শান। গায়কের এই পারফরম্যান্সের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ কেউ তাঁকে ‘পপ তারকা’ বলেও অভিহিত করেছেন।
নিজের ‘অল অফ মি ট্যুর’-এর অংশ হিসাবে সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠান করেন শান। মূলত হিন্দি ছবির রোম্যান্টিক গানের জন্য পরিচিত শান যে ইংরেজি পপ গানেও সমান সাবলীল, তা যেন নতুন করে বুঝিয়ে দিল তাঁর এই পারফরম্যান্স। মাইকেল জ্যাকসনের ‘বিলি জিন’ গাওয়ার পাশাপাশি প্রয়াত পপ কিংয়ের নাচের ভঙ্গিগুলিও নিখুঁত ভাবে মঞ্চে তুলে ধরেন তিনি। তাল মিলিয়ে ফুট স্টেপ, টুপি নিয়ে বিশেষ কায়দা এবং সবচেয়ে বিখ্যাত ‘মুনওয়াক’— সব মিলিয়ে মঞ্চে অন্য মাত্রা যোগ করে দিয়েছেন শান।
অনুষ্ঠানের ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চর্চা। এক অনুরাগী শানের পারফরম্যান্সের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, তাঁকে দেখে কৈশোরের দিনগুলির কথা মনে পড়ে গেল। সেই সময় শানের প্রতি তাঁর প্রবল আকর্ষণ ছিল। এত বছর পরেও যে সেই ভাল লাগা অটুট, তা-ও মজার ছলে জানিয়েছেন ওই অনুরাগী।
শানের আসল নাম শান্তনু মুখোপাধ্যায়। ‘তনহা দিল’, ‘ওহ পেহলি বার’, ‘চাঁদ সিফারিশ’, ‘জব সে তেরে নয়না’ এবং ‘বহতি হাওয়া সা থা ভো’-এর মতো একাধিক জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। রোম্যান্টিক সুর থেকে চনমনে ছন্দ— নানা ধরনের গানে নিজেকে মেলে ধরেছেন তিনি।
তবে দুবাইয়ের মঞ্চে মাইকেল জ্যাকসনের প্রতি এই শ্রদ্ধার্ঘ্য শানের অন্য একটি দিক সামনে প্রকাশ্যে আনল। পরিচিত গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পপ সঙ্গীতের মঞ্চেও যে তিনি সাবলীল, সেই বার্তাই দিলেন শান। আর তাতেই নতুন করে মুগ্ধ তাঁর অনুরাগীরা।