পূর্ণিমার ভরা কটালের জেরে বাসন্তীর রাধাবল্লভপুর গ্রামে হোগল নদীর বাঁধে প্রায় ৩৫০ ফুট এলাকাজুড়ে ধস নামল। মঙ্গলবার সন্ধ্যায় নদীবাঁধের বড় অংশ ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তার আশঙ্কায় বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা
\স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ণিমার ভরা কটালের জেরে হোগল নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীবাঁধের উপর চাপ বাড়ে। এর জেরেই রাধাবল্লভপুর এলাকায় প্রায় ৩৫০ ফুট বাঁধে ধস নামে বলে আশঙ্কা করা হচ্ছে। বাঁধের এই পরিস্থিতিতে নদীর জল লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ফলে ঘরবাড়ি ও সম্পত্তি নিয়ে উদ্বেগ বাড়ছে তাঁদের মধ্যে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বাসন্তী থানার পুলিশ। পরিস্থিতির উপর নজর রাখছেন পুলিশকর্মীরা। বাঁধের আরও ক্ষতি হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত নদীবাঁধ মেরামত করে এলাকাকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার দাবি জানিয়েছেন তাঁরা। খবর পেয়ে সেচ দফতরের কর্মীরাও ঘটনাস্থলে এসেছেন। বাঁধ মেরামতির তোড়জোড় শুরু করেছেন তাঁরা।