গোপন সূত্রে খবর পেয়ে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী পাচারের এক বড়সড় প্রচেষ্টা বানচাল করল কল্যাণী থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি বিরল প্রজাতির ‘স্লো লরিস’ (Slow Loris) এবং এই ঘটনায় জড়িত সন্দেহে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সুজয় দাস ও ইন্দ্রজিৎ মুখার্জি।

বিশ্বজিত দেবনাথ, নিজস্ব সংবাদদাতা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল কল্যাণী থানা এলাকায় বন্যপ্রাণী পাচারের বিষয়ে একটি গোপন তথ্য পায় পুলিশ। অভিযানে মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে অত্যন্ত বিপন্ন শ্রেণির একটি স্লো লরিস উদ্ধার হয়।

রানাঘাট পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের গ্রেফতার করে আজ আদালতে তোলা হবে এবং পুরো চক্রটির শিকড় খুঁজতে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। এই প্রাণীটি কোথা থেকে আনা হয়েছিল, এর সম্ভাব্য ক্রেতা কারা এবং স্থানীয় বা আন্তঃরাজ্য কোনও চক্র এর পেছনে সক্রিয় কি না—তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া প্রাণীটিকে পরবর্তী সুরক্ষার জন্য বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।