ব্যাট হাতে ঝড় তুলে ফের আইসিসি-র টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বর স্থান দখল করলেন ভারতের অভিষেক শর্মা। অন্য দিকে, টেস্ট ক্রিকেটে একসঙ্গে দু’টি বিভাগে শীর্ষে উঠে নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। টেস্ট বোলারদের পাশাপাশি অলরাউন্ডারদের তালিকাতেও এক নম্বরে উঠে এলেন তিনি। ফলে আইসিসি-র সদ্য প্রকাশিত ক্রমতালিকায় বড়সড় পরিবর্তন দেখা গেল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেকের বিধ্বংসী ইনিংসই তাঁকে ফের শীর্ষে পৌঁছে দিয়েছে। মঙ্গলবার ওয়েলিংটনে মাত্র ৩৫ বলে শতরান পূর্ণ করেন বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রান করে ভারতকে ছ’উইকেটে জিততে সাহায্য করেন তিনি। সেই জয়ের সঙ্গে সিরিজ়ও নিজেদের করে নেয় ভারত।
অভিষেকের এই ইনিংসের ফলে এক নম্বর স্থান হারালেন সতীর্থ ঈশান কিষাণ। চলতি বছরের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে অভিষেককে সরিয়ে শীর্ষে উঠেছিলেন ঈশান। ২০২৫ সালের জুলাইয়ে প্রথম বার টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক নম্বরে পৌঁছেছিলেন অভিষেক।
অন্য দিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন জানসেন। গকেবেরহায় দক্ষিণ আফ্রিকার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ২৬ বছরের এই অলরাউন্ডার। ব্যাট হাতে করেন ৮৫ রান। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
এর ফলে টেস্ট বোলারদের তালিকায় পাঁচ ধাপ উঠে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে পিছনে ফেলেছেন জানসেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ উঠে সরিয়ে দিয়েছেন ভারতের রবীন্দ্র জাডেজাকে। চার বছরেরও বেশি সময় ধরে এই বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছিলেন জাডেজা।
টি-টোয়েন্টি তালিকাতেও উন্নতি হয়েছে ভারতের সঞ্জু স্যামসনের। ব্যাটারদের ক্রমতালিকায় ছ’ধাপ উঠে তিনি এখন ২০ নম্বরে। বোলারদের মধ্যে অর্শদীপ সিং ১৫ নম্বরে উঠে এসেছেন।
এক দিনের ক্রিকেটেও পরিবর্তন হয়েছে ক্রমতালিকায়। পাকিস্তানের শাহিন আফ্রিদি, আফগানিস্তানের আজ়মতুল্লাহ ওমরজ়াই এবং নামিবিয়ার বার্নার্ড স্কলৎজ় বোলারদের প্রথম দশে জায়গা করে নিয়েছেন। আফগানিস্তানের মহম্মদ নবি অলরাউন্ডারদের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে।