রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা চালাল ইউক্রেন। রাতভর এই হামলায় লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি শহরে অবস্থিত তেল শোধনাগারে একাধিক বিস্ফোরণ ঘটে। আগুনও ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। অন্যদিকে, রাশিয়ার দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৮১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
জানা গিয়েছে, ইউক্রেনের লক্ষ্য ছিল কিরিশি পেট্রোলিয়াম অর্গানিক সিন্থেসিস কারখানা। এটি ‘কিনেফ’ তেল শোধনাগার নামেও পরিচিত। ইউক্রেন থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই কারখানায় হামলার জেরে বড়সড় বিস্ফোরণ হয়েছে বলে খবর। ইউক্রেনীয় সংবাদমাধ্যম ‘দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিভিন্ন পর্যবেক্ষণকারী চ্যানেলেও বিস্ফোরণের খবর জানানো হয়েছে।
এমনকী, নাসার স্যাটেলাইটভিত্তিক অগ্নিকাণ্ড শনাক্তকারী ব্যবস্থাতেও ওই তেল শোধনাগার এলাকায় একাধিক অস্বাভাবিক তাপের উৎস ধরা পড়েছে। যা থেকে আগুন লাগার ইঙ্গিত মিলেছে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৮১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তাঁর দাবি, অভিযান তখনও চলছিল। পাশাপাশি কিরিশির শিল্পাঞ্চলে ড্রোন হামলার কথা স্বীকার করেছেন তিনি। ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসনে আছড়ে পড়ায় সেখান থেকে একটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
কিনেফ তেল শোধনাগার রাশিয়ার জ্বালানি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বছরে প্রায় ২ কোটি মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধনের ক্ষমতা রয়েছে এই কারখানার। রাশিয়ার মোট পরিশোধিত তেলের ৬ শতাংশেরও বেশি এখান থেকে উৎপাদিত হয়। পেট্রোলিয়ামজাত বিভিন্ন পণ্যের পাশাপাশি রুশ সেনাবাহিনীর ব্যবহারের জ্বালানিও তৈরি হয় এখানে। আমেরিকা-সহ পশ্চিমের একাধিক দেশ এই তেল শোধনাগারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এর আগেও ইউক্রেনের হামলার নিশানায় এসেছে এই কারখানা। গত ৫ মে ড্রোন হামলায় কারখানার চারটি অপরিশোধিত তেল পরিশোধন ইউনিটের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়। গত ৩০ অগস্টও সেখানে হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইউক্রেনের বিরুদ্ধে।
নতুন করে এই হামলা এমন এক সময়ে হল, যখন রাশিয়ার জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে ইউক্রেন। ‘দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, রুশ তেল শোধনাগারে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগী হলেও কিয়েভের তরফে এমন কোনও আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের শীর্ষ আধিকারিকরা।
অন্যদিকে, ইউক্রেনের জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করেও লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। এর জেরে সে দেশে বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যাহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, গত ৩ নভেম্বর রাতভর হামলায় ২৮৯টি আক্রমণকারী ড্রোন, ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল রুশ সেনা। এরই মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে আগামী ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক হওয়ার কথা। আমেরিকার মধ্যস্থতায় এই আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির পথ খুঁজতেই এই উদ্যোগ।