ইরান এখন আর শুধু অন্য দেশের অস্ত্রের অনুকরণ করছে না। বরং নিজের প্রযুক্তি ব্যবহার করে এমন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা শত্রুপক্ষের রাডার শনাক্ত করে সেগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। এমনই দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি। আমেরিকার সঙ্গে চলতে থাকা সামরিক সংঘাতের মধ্যেই ইরানের নিজস্ব অস্ত্র তৈরির ক্ষমতা কতটা বেড়েছে, তা তুলে ধরেছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সোমবার IRGC-র অ্যারোস্পেস ফোর্স দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে ইরানের তৈরি ‘হরমোজ’ ক্ষেপণাস্ত্রের উদাহরণ দেন বালালি। সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, তিনি জানান, দেশের সামরিক বাহিনীর প্রয়োজন বুঝে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছেন ইরানের বিশেষজ্ঞরা। নিজস্ব প্রযুক্তি ও দক্ষতার সাহায্যেই এই অস্ত্রগুলি তৈরি করা হচ্ছে।
বালালির দাবি, ইরানের বিশেষজ্ঞরা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন, যা শত্রুপক্ষের রাডার খুঁজে বের করে সেগুলিকে নিশানা করতে পারে। তাঁর মতে, হরমোজ ক্ষেপণাস্ত্র ইরানের নিজস্ব প্রযুক্তিতে উন্নত অস্ত্র তৈরির ক্ষমতার বড় উদাহরণ। অর্থাৎ, অন্য দেশের প্রযুক্তির উপর নির্ভর না করে এবার নিজেরাই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে সক্ষম হচ্ছে তেহরান।
আমেরিকার সঙ্গে ইরানের চলতে থাকা সামরিক সংঘাতের আবহেই এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক আলোচনা নিয়েও চলছে চাপানউতোর। এদিকে, আমেরিকাকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মহসেন রেজাই। পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধ করতে হলে তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিতে হবে বলে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের সংবাদমাধ্যমকে রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আমেরিকার সরকারকে দুর্বল করে দিয়েছে। ওয়াশিংটনকে কাল্পনিক আলোচনার খবর ছড়ানো বন্ধ করতে হবে এবং পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতাকে মেনে নিতে হবে। তাঁর কথায়, আমেরিকার উচিত ইরানের সাতটি শর্ত মেনে নেওয়া।
ইরানের ওই শর্তগুলির মধ্যে রয়েছে—
- সবকটি রণাঙ্গনে যুদ্ধ ও সংঘর্ষ বন্ধ করা।
- ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া।
- হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা।
- ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।
- বিদেশে আটকে থাকা ইরানের সম্পত্তি ও অর্থ ফিরিয়ে দেওয়া।
- ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ বন্ধ করা।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরই রেজাইয়ের এই হুঁশিয়ারি সামনে এসেছে। ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে প্রয়োজনে পদক্ষেপ করার জন্য মার্কিন সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। সোমবার ট্রাম্প আরও জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন এবং কুয়েত আমেরিকার নেতৃত্বাধীন নৌ অবরোধ চালিয়ে যাওয়ার পক্ষে। সদ্য ঘোষিত ‘অপারেশন আয়রন গেট’-এর আওতায় এই অবরোধ জারি রাখার বিষয়ে তারা সমর্থন জানিয়েছে বলে দাবি করেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প ফের স্পষ্ট করে দেন, ইরান যাতে কোনওভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একইসঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।