ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। সেই কম্পনের প্রভাব অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও। শুধু ভারত নয়, প্রতিবেশী ভুটান ও চিনের বিভিন্ন এলাকাতেও মাটি কাঁপার খবর মিলেছে। জানা গিয়েছে, নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছেই ছিল ভূমিকম্পের উৎসস্থল। ওই এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৩ বলে জানা গিয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এর আগেও গত ১২ নভেম্বর নেপালের কোশি প্রদেশে ভূমিকম্প হয়েছিল। সেই সময়ও উত্তরবঙ্গের পাহাড় ও সমতল এলাকায় কম্পন অনুভূত হয়। মঙ্গলবার সকালেও ফের একই পরিস্থিতির সাক্ষী থাকলেন বাসিন্দারা। ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিট নাগাদ কেঁপে ওঠে নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর অক্ষাংশ ২৭.৮৫৫ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৮৭.৯০৯ ডিগ্রিতে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।
দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রকাশিত খবর অনুযায়ী, নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, নেপাল-তিব্বত সীমান্ত সংলগ্ন তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। সেখানে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৬ বলে জানানো হয়েছে।
নেপালে ভূমিকম্পের জেরে ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে। বিহার, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় মাটি কেঁপে ওঠে। পাশাপাশি হিমালয় সংলগ্ন সীমান্তবর্তী এলাকাগুলিতেও কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা। আচমকা এই ঘটনায় অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পাহাড়ি এলাকায় ভূমিকম্পের প্রভাব কতটা পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও এখনও সামনে আসেনি। পরিস্থিতির বিস্তারিত জানতে প্রশাসনের তরফে তথ্য সংগ্রহের কাজ চলছে।
ক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বহুতল, বাড়িঘর, বিদ্যুতের খুঁটি এবং উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারেও কম্পন অনুভূত হয়। আচমকা মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। সকালের প্রাতর্ভ্রমণ কিংবা শরীরচর্চার জন্য যাঁরা বাইরে ছিলেন, তাঁরাও এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে ঘাবড়ে যান। তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রসঙ্গত, এর আগে গত ১২ নভেম্বর ভোরে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। সেদিন ভারতীয় সময় ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।