ফুলেরায় ফের ‘ভোটের লড়াই’! জমে গেল ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলার

ফুলেরার মাটিতে ফের জমবে গ্রাম্য রাজনীতি, ব্যক্তিগত টানাপড়েন আর হালকা মেজাজের হাসির লড়াই। সোমবার প্রকাশ্যে এল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজনের ট্রেলার। আগের চার মরসুমের মতো এ বারও দর্শকদের জন্য থাকছে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব-সহ একাধিক পরিচিত মুখ। আগামী ৩ ডিসেম্বর থেকে প্রাইম ভিডিয়োয় শুরু হবে নতুন সিজন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

নতুন সিজনে ফুলেরার রাজনীতিতে এসেছে বড়সড় পরিবর্তন। গ্রামে নতুন প্রধান দায়িত্ব নেওয়ায় আগের প্রধানজি অর্থাৎ রঘুবীর যাদবের চরিত্রকে দেখা যাবে ক্ষমতা ছাড়ার পরের জীবনের সঙ্গে মানিয়ে নিতে। অন্য দিকে সচিবজি অভিষেক ত্রিপাঠী, জিতেন্দ্র কুমারের চরিত্র, ফের জড়িয়ে পড়বেন গ্রাম-রাজনীতি, বন্ধুত্ব এবং ব্যক্তিগত জীবনের নানা টানাপড়েনে।

ট্রেলারে আরও ইঙ্গিত মিলেছে সচিবজি এবং রিঙ্কির সম্পর্ক নিয়েও। সানভিকার অভিনীত রিঙ্কির সঙ্গে অভিষেকের প্রেমের গল্প কোন দিকে এগোয়, তা নিয়েও তৈরি হয়েছে নতুন কৌতূহল। ফুলেরার বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তাঁদের সম্পর্ক নতুন কোনও মোড় নেয় কি না, সেটাই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্র।

‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলার প্রকাশের জন্যও অভিনব পথ বেছে নিয়েছেন নির্মাতারা। ২৩ নভেম্বর মধ্যপ্রদেশের সিহোর জেলার একটি গ্রামে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। এই এলাকাতেই ‘ফুলেরা’ গ্রামের বিভিন্ন দৃশ্যের শুটিং হয়েছে। শহুরে কোনও পাঁচতারা হোটেলের বদলে গ্রামের পরিবেশেই ট্রেলার প্রকাশ করে সিরিজের আবহকে আরও বাস্তব করে তুলতে চেয়েছেন নির্মাতারা।

পরিচালক তথা সহ-নির্মাতা দীপক কুমার মিশ্র জানিয়েছেন, আগের চার মরসুমের সাফল্যের পরেও ‘পঞ্চায়েত’-এর সরলতা এবং স্বাভাবিকতার জায়গাটি ধরে রেখে নতুন গল্প বলাই তাঁদের লক্ষ্য।

দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমারের তৈরি এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার। প্রযোজনায় দ্য ভাইরাল ফিভার (TVF)।

২০২০ সালে পথচলা শুরু হয়েছিল ‘পঞ্চায়েত’-এর। ইঞ্জিনিয়ারিং পাশ করা অভিষেক চাকরির অভাবে উত্তরপ্রদেশের কাল্পনিক ফুলেরা গ্রামের পঞ্চায়েত সচিবের চাকরি নেন। সেই চাকরি থেকেই শুরু তাঁর গ্রামজীবনের নানা অভিজ্ঞতা। এ বার সেই গল্পই পৌঁছচ্ছে পঞ্চম অধ্যায়ে। ৩ ডিসেম্বর ভারত-সহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে ‘পঞ্চায়েত ৫’।