আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার যে ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা সরাসরি খারিজ করে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ঢাকার সরকারি আধিকারিকদের বক্তব্য, হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে তাঁকে গ্রেফতার করা হতে পারে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে দেশে ফেরার ব্যবস্থা করার জন্য ঢাকার সরকারের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি, প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত নথিপত্র তৈরি করে দেওয়ার কথাও বলেছেন তিনি। এদিকে, ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সরকার জানিয়েছে, শেখ হাসিনার দল আওয়ামী লীগ সন্ত্রাসমূলক কাজকর্ম শুরু করেছে। দলের সদস্যরা দেশে ফেরার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের এই বিষয়ে সরকারের অবস্থান এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন। হুমায়ুন কবির বলেন, “শেখ হাসিনা সাধারণ কোনও যাত্রী নন যে, নিজের ইচ্ছেমতো দেশে ফিরে আসবেন। তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাই দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হবে।” আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের বিভিন্ন এলাকায় টহলদারি আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে অশান্তি ছড়ায়। সেই আন্দোলনের জেরে ৫ অগস্ট দেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে ভারতেই রয়েছেন তিনি। তাঁর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। হাসিনা দেশে ফিরলে আইনি পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকা। হুমায়ুন কবির আরও বলেন, “ইচ্ছা প্রকাশ করা আর বাস্তবে তা সম্ভব হওয়া এক বিষয় নয়। আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছেন। তাই বাংলাদেশ তাঁকে মেনে নেবে না। তিনি দেশে ফিরলে হাতে হাতকড়া পরানো হবে।”
এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা আটকাতে গতকাল বিরোধী দলগুলির সঙ্গেও বৈঠক করেছে বাংলাদেশের সরকার। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের নেতৃত্বে দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। কীভাবে হাসিনার দেশে ফেরা আটকানো যায়, তা নিয়েই মূলত কথা হয়েছে ওই বৈঠকে।প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। এর মধ্য দিয়েই স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে।