হাউজফুল হওয়া সত্ত্বেও হল থেকে সরছে ‘সাধক বামাক্ষ্যাপা’?

দর্শকদের কাছ থেকে ভালো সাড়া মিললেও শেষরক্ষা হচ্ছে না সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’র। আগামী শুক্রবার, ২৭ নভেম্বর মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। আর সেই ছবির মুক্তিকে কেন্দ্র করেই বাংলার একাধিক সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে জায়গা হারাতে চলেছে ‘সাধক বামাক্ষ্যাপা’। নতুন হিন্দি ছবির জন্য শো কমানো, এমনকী কোথাও কোথাও পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হল কর্তৃপক্ষ। এর আগে ‘রামায়ণ’-এর মুক্তির সময়ও একই ধরনের সমস্যার মুখে পড়েছিল ছবিটি। ফের হিন্দি ছবির দাপটে বাংলা ছবির প্রদর্শন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও হাল ছাড়তে নারাজ পরিচালক সায়ন্তন ঘোষাল। বরং নিজের ছবির প্রতি আস্থা রেখেই এগোতে চাইছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া পাচ্ছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’। সপ্তাহের বিভিন্ন দিনে একাধিক শো হাউসফুল হওয়ায় ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ স্পষ্ট। নামভূমিকায় সব্যসাচী চৌধুরীর অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে। এমন সাফল্যের মধ্যেই ছবির শো কমে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ বাংলা ছবির অনুরাগীদের। কলকাতায় ছবিটির জনপ্রিয়তা কতটা, তা বোঝাতে সমাজমাধ্যমে কয়েকটি ছবি তুলে ধরেছেন পরিচালক সায়ন্তন। রবিবারের অগ্রিম টিকিট বুকিংয়ের স্ক্রিনশট ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে একাধিক শোয়ের টিকিট বিক্রির ভালো চিত্রের পাশাপাশি বুকিং প্ল্যাটফর্মে ‘ট্রেন্ডিং’ তালিকাতেও দেখা গিয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’কে। ফলে ছবির জনপ্রিয়তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

মধ্য কলকাতা থেকে উত্তর ও দক্ষিণ কলকাতা, এমনকী শহরতলির একাধিক সিনেমা হল ও মাল্টিপ্লেক্সেও দর্শকের ভিড় চোখে পড়ার মতো। ছবির বেশিরভাগ শোতেই টিকিট প্রায় শেষ। শুক্রবার থেকে শো তুলে নেওয়া হতে পারে, এমন আশঙ্কার মধ্যেও ‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে দর্শকদের উৎসাহে আপ্লুত পরিচালক সায়ন্তন ঘোষাল। সমাজমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, মঙ্গলবার কোনও ছুটির দিন বা উৎসবের আবহ ছিল না। ঘড়িতে তখন সকাল ১১টা। অথচ রবিবারের প্রায় সব শোয়ের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। দর্শকদের এই ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিচালক। তাঁর কথায়, বাংলা ছবির পাশে এভাবে দাঁড়ানোর জন্য বাংলার দর্শকদের অসংখ্য ধন্যবাদ।