প্রথম মৃত্যুবার্ষিকীতে ধর্মেন্দ্রকে স্মরণ হেমার

এক বছর কেটে গিয়েছে। তবু স্বামীর চলে যাওয়ার শূন্যতা যেন একটুও কমেনি। প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে আবেগঘন বার্তায় স্মরণ করলেন হেমা মালিনী। সমাজমাধ্যমে স্বামীর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে লিখলেন, ধর্মেন্দ্র শুধু তাঁর স্বামী ছিলেন না, ছিলেন তাঁর ‘‘বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক’’— এমনকি তাঁর ‘‘অস্তিত্বেরই অংশ’’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

২৪ নভেম্বর ২০২৫, ৮৯ বছর বয়সে প্রয়াত হন বলিউডের ‘হিম্যান’ ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর এক বছর পরে মঙ্গলবার আবেগঘন পোস্টে হেমা লেখেন, ‘‘শুধু আমার স্বামী নন, তিনি আমার সব কিছু ছিলেন। আমার বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। আমার জীবনের স্তম্ভ, সংক্ষেপে আমার অস্তিত্ব।’’

দীর্ঘ ছ’দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। শোলে, ফুল অউর পাত্থর, সীতা অউর গীতা, চুপকে চুপকে, সত্যকাম, মেরা গাঁও মেরা দেশ-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অমলিন। সাফল্যের শিখরে পৌঁছেও নিজের শিকড়ের সঙ্গে তাঁর যোগাযোগ অটুট ছিল বলে জানান হেমা।

স্বামীর মানবিকতার কথাও স্মরণ করেছেন তিনি। হেমার কথায়, ধর্মেন্দ্র ছিলেন ‘‘অসাধারণ এক মানুষ’’। তাঁর সহজ-সরল স্বভাব এবং সকলের প্রতি ভালবাসা তাঁকে আলাদা করে তুলেছিল।

শেষে ধর্মেন্দ্রকে ভালবাসার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন হেমা। জানিয়েছেন, দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখনও ধর্মেন্দ্রকে স্মরণ করছেন, তাঁর উদ্দেশে ভালবাসা ও শুভেচ্ছা পাঠাচ্ছেন।