পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এ বার সিবিআইয়ের নজরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্যালক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সুজিতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁর শ্যালক। সেই সূত্র ধরেই এ বার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। জানা গিয়েছে, বুধবারই হাজিরার নির্দেশ দিয়ে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের পরিধি আরও বাড়াল সিবিআই। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের পর এ বার তাঁর শ্যালককে মুখোমুখি বসিয়ে কথা বলতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। গত শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুজিতকে প্রায় তিন ঘণ্টা ধরে জেরা করেন সিবিআই আধিকারিকেরা। তবে সূত্রের খবর, তাঁর দেওয়া জবাবে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। এর পরেই নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
সুজিতকে জিজ্ঞাসাবাদের কয়েক দিনের মধ্যেই তাঁর শ্যালককে তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টা নাগাদ তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর। তদন্তকারী সংস্থার সূত্রে অভিযোগ, পুরসভায় নিয়োগ দুর্নীতিতে শ্যালককে কাজে লাগানোর পাশাপাশি তাঁকে চাকরির ব্যবস্থাও করে দিয়েছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী। শুধু নিয়োগের বিষয়টিই নয়, আর্থিকভাবেও সুজিতের শ্যালক কী কী সুবিধা পেয়েছেন, তা খতিয়ে দেখতে চান গোয়েন্দারা। সেই সমস্ত বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের দাবি।
পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের পাশাপাশি সক্রিয় রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও। বিধানসভা নির্বাচনের পর গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। অন্যদিকে, এই মামলায় আগেই আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তবে সেই চার্জশিটে সুজিতের নাম উল্লেখ ছিল না। পরবর্তী সময়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুজিতকে জেরা করার অনুমতি মেলার পর গত শনিবার সেখানে পৌঁছন সিবিআই আধিকারিকেরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এবার সেই তদন্তের সূত্র ধরেই তাঁর শ্যালককে তলব করল সিবিআই।