টলিউডে বাংলা ছবির হল পাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিকে ঘিরে সোমবার দিনভর বিতর্কের পর মঙ্গলবার সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের হল মালিক, প্রদর্শক, প্রযোজক ও পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা ছবির স্বার্থে বৈঠক থেকে দেওয়া হয় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বৈঠকে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল-সহ টলিপাড়ার একাধিক প্রতিনিধি। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ‘সাধক বামাক্ষ্যাপা’ প্রেক্ষাগৃহে চালাতেই হবে। কোনও প্রযোজক যে হলে ছবিটি চালাতে চাইবেন, সেই হলে ছবিকে প্রাইমটাইম শো দিতে হবে।
এর পাশাপাশি বাংলা ছবির জন্য প্রাইমটাইম বরাদ্দের পুরনো নিয়মও কঠোর ভাবে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে প্রতিটি প্রেক্ষাগৃহে বাংলা ছবির অন্তত একটি শো রাখা বাধ্যতামূলক। কোনও হলমালিক এই নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো কড়া পদক্ষেপও করা হতে পারে।
বৈঠক শেষে পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান, হল মালিক ও প্রদর্শকদের আর্থিক ক্ষতির বিষয়টিও খতিয়ে দেখা হবে। আগামী তিন মাস কলকাতা পুলিশের মাধ্যমে সমীক্ষা চালানোর কথা হয়েছে। ক্ষতির প্রমাণ মিললে সরকার ভর্তুকি দেবে কি না, অথবা প্রযোজকদের মাধ্যমে ক্ষতির কিছুটা বহন করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা হবে।
বাংলা সিনেমার পরিকাঠামো বাড়ানোর কথাও জানান মুখ্যমন্ত্রী। আগামী দেড় বছরে রাজ্যে সরকারের উদ্যোগে ৫১টি নতুন হল তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৫০০টি সিঙ্গল স্ক্রিন তৈরির লক্ষ্যও নেওয়া হয়েছে। বেসরকারি উদ্যোগে কেউ হল তৈরি করতে চাইলে সরকার সহযোগিতা করবে।
এ দিনের বৈঠকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে কমিটি তৈরি হবে। কমিটির সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বাংলা ছবি প্রাইমটাইম না পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। বলিউডের বড় বাজেটের ছবির চাপে অনেক বাংলা ছবি কম শো পায় বা দ্রুত হল থেকে সরে যায়। ২০২৫ সালের অগস্টেও এই সমস্যা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছিলেন টলিউডের একাধিক তারকা ও পরিচালক। এবার সেই পুরনো নিয়ম আরও কড়া ভাবে কার্যকর করার বার্তা দিল রাজ্য।