২০২৭ সালের আইপিএলের আগে পাঞ্জাব কিংসের (PBKS) ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন পরশ মামব্রে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে তাঁকে দলে স্বাগত জানিয়েছে পাঞ্জাব কিংস। পোস্টে লেখা হয়েছে, “ওয়েলকাম টু দ্য ডেন, পরশ পাজি!”

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এর আগে ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন মামব্রে। এবার পাঞ্জাব কিংসে তিনি প্রাক্তন অস্ট্রেলীয় অলরাউন্ডার জেমস হোপসের জায়গায় দায়িত্ব নেবেন। দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করবেন তিনি। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে (MI) একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দু’জনের। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন পরশ মামব্রে। সেই সময় দলের প্রধান কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। মামব্রের কোচিংয়ে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতেছিল ভারত। তবে ফাইনালে আমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় টিম ইন্ডিয়াকে। এর পরের বছরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। দীর্ঘ ১১ বছর পর কোনও আইসিসি ট্রফি ঘরে তোলে ভারতীয় দল।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মামব্রের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দু’দফায় কোচিং করিয়েছেন তিনি। ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর ফের মুম্বই শিবিরে যোগ দিয়েছিলেন। তবে গত মাসেই সেই দলের সঙ্গে সম্পর্ক শেষ হয় তাঁর। গত মরশুমে আইপিএলে মাত্র চারটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করেছিল মুম্বই। এরপরই কোচিং বিভাগে বড়সড় পরিবর্তন আনে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে, আইপিএলে এখনও পর্যন্ত দু’বার ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছে এবং ২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এখনও পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি পাঞ্জাব।
২০২৬ সালের আইপিএলে শুরুটা বেশ ভালো করেছিল পাঞ্জাব। প্রথম সাতটি ম্যাচে অপরাজিত ছিল তারা। এর মধ্যে ছ’টি ম্যাচে জয় পেয়েছিল দলটি। কিন্তু এরপরই ছন্দপতন। টানা ছ’টি ম্যাচে হারতে হয় তাদের। লিগ পর্বের শেষ ম্যাচে জয় পেলেও মাত্র এক পয়েন্টের জন্য প্লে-অফে জায়গা করে নিতে পারেনি পাঞ্জাব কিংস। এবার নতুন বোলিং কোচের হাত ধরে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের।