১ ডিসেম্বর থেকে আয়ুস্মান কার্ডে ফের বড় পরিবর্তন!

কেন্দ্রীয় সরকারের অন্যতম চর্চিত জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প হল আয়ুস্মান ভারত। ভারতের স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কেন্দ্রীয় সরকার ২০১৮ সালে চালু করেছে আয়ুষ্মান ভারত – অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পে প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকার ক্যাশলেস কভারেজ পান। আর এই প্রকল্প নিয়ে ফের নতুন সিধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

এই প্রকল্পের আওতাভুক্ত রোগীরা শীঘ্রই আরও বেশি চিকিৎসা এবং অস্ত্রোপচারের সুবিধা পেতে চলেছেন বলে জানা গেছে। এতদিন এই প্রকল্পের সাহায্যে সরকারি হাসপাতালগুলোর জন্য মোট ২৩টি নির্দিষ্ট চিকিৎসার প্যাকেজ নির্ধারিত ছিল। সেগুলির মধ্যে যেমন ছিল স্ত্রীরোগ, প্রসূতি চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও ৮৯টি রোগের চিকিৎসা । চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ বলে জানা গেছে। অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাকে আরও সহজ ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে এবার আরও বড় সিদ্ধান্ত নিতে চলছে সরকার। এই প্রকল্পের অধীনে জনস্বাস্থ্য কেন্দ্রগুলির জন্য সংরক্ষিত প্যাকেজ ২৩টি থেকে বাড়িয়ে ১১২টি করার প্রস্তাব দেওয়া হয়েছে।ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) ৮৯টি অতিরিক্ত স্বাস্থ্য প্যাকেজ যুক্ত করার পরিকল্পনা করছে। অর্থাৎ আরও অতিরিক্ত ৮৯টি প্যাকেজ যুক্ত করা হবে। এখন প্রশ্ন নতুন এই প্যাকেজে কোন কোন রোগের চিকিৎসা হবে আয়ুষ্মান ভারত প্রকল্পে!এই নতুন প্যাকেজগুলিতে রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, ব্রঙ্কাইটিস, ডায়রিয়া, মূত্রনালীর সংক্রমণ এবং ডায়াবেটিস-সম্পর্কিত অসুস্থতার চিকিৎসা অন্তর্ভুক্ত থাকবে। সরকারের এই প্রস্তাবে শুধু রোগীর রোগের চিকিৎসাই নয়, পাশাপাশি বিভিন্ন রোগের অস্ত্রোপচার এবং চক্ষু পরীক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে। নতুন প্যাকেজে চোখের স্বাস্থ্য পরীক্ষার জন্য দুটি গুরুত্বপূর্ণ স্ক্রিনিং অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। একটি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং অন্যটি, গ্লুকোমা শনাক্তকরণ। অর্শ, হাইড্রোসিল, পিণ্ড এবং সিস্টের চিকিৎসাও এর মধ্যে পড়ছে। এই চিকিৎসাগুলির যুক্ত করার মূল উদ্দেশ্যই হল সরকারি হাসপাতালেই যাতে সাধারণ মানুষের চিকিৎসা ও অস্ত্রোপচার করাতে পারেন। অর্থাৎ, যে সব রোগের জন্য রোগীদের এতদিন প্রায়শই বড় হাসপাতাল বা অন্য শহরে ছুটে যেতে হয়, তাঁরা যাতে নিজেদের রাজ্যেই চিকিৎসা করাতে পারেন , সেই জন্যই এই ভাবনা। সব ঠিক থাকলে ১ ডিসেম্বর থেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ১১২টি চিকিৎসার প্যাকেজের সুবিধা মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতালেই। এই বিষয়গুলি যুক্ত করার বিষয়ে রাজ্যগুলোর মতামত জানতে চাওয়া হয়েছে।