জলশক্তি মন্ত্রক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের মধ্যে একটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হল। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল, দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী, জলশক্তি ও রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি সোমান্না এবং দুই মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
একটি সরকারি বিবৃতি অনুযায়ী, এই চুক্তির মূল উদ্দেশ্য হল গ্রামাঞ্চলে পানীয় জলের প্রকল্পগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য স্থানীয় স্তরে দক্ষ কর্মী তৈরি করা। পাশাপাশি, গ্রামের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে দেশের প্রতিটি গ্রামীণ বাড়িতে দীর্ঘদিন ধরে নিয়মিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য আরও শক্তিশালী হবে।
অন্যদিকে, গত ১৩ নভেম্বর জল জীবন মিশন (JJM) ২.০-এর প্রথম আঞ্চলিক সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল। জলশক্তি মন্ত্রকের পানীয় জল ও স্যানিটেশন বিভাগ এবং তামিলনাড়ু সরকারের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১২ ও ১৩ নভেম্বর দু’দিনের এই সম্মেলনে দক্ষিণ ভারতের সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চপদস্থ আধিকারিক এবং প্রতিনিধিরা অংশ নেন। এই তালিকায় রয়েছে তামিলনাড়ু, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপ। জল জীবন মিশনের কাজ কতটা এগিয়েছে, কী কী সমস্যা রয়েছে এবং কীভাবে গ্রামাঞ্চলে দীর্ঘমেয়াদি পানীয় জল পরিষেবা চালু রাখা যায়, তা নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে জল জীবন মিশন চালু হয়। গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে নলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়াই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। সেই প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, এখনও পর্যন্ত দেশের প্রায় ১৬ কোটি গ্রামীণ বাড়িতে নলের মাধ্যমে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে গ্রামীণ মানুষের জীবনযাত্রার অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে উপকৃত হয়েছেন মহিলারা।