পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে জটিলতা। স্পেশ্যাল সামারি রিভিশন (SSR) শুরু হওয়ার নির্ধারিত দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত প্রস্তুতি নিয়ে স্পষ্ট কোনও ছবি সামনে আসেনি। সূত্রের খবর, ২৩ নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু খসড়া ভোটার তালিকা তৈরির জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট ফরম্যাট এখনও হাতে এসে পৌঁছয়নি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে। ফলে কবে থেকে এবং কীভাবে এই প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
জাতীয় নির্বাচন কমিশনের তৈরি বিশেষ সফটওয়্যারভিত্তিক ফরম্যাট এখনও রাজ্যে এসে পৌঁছয়নি বলে জানা যাচ্ছে। আর সেই কারণেই ভোটার তালিকা সংশোধনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। CEO দফতরের একাংশের বক্তব্য, কমিশনের নির্ধারিত ফরম্যাট মেনেই পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। তাই ওই প্রযুক্তিগত ব্যবস্থা হাতে না পাওয়া পর্যন্ত তালিকা তৈরির কাজ শুরু করা কার্যত অসম্ভব। ফলে কমিশনের তরফে ফরম্যাট পাঠানোর দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্যের CEO দফতর।
সব মিলিয়ে, রাজ্যে SSR প্রক্রিয়া কবে থেকে পুরোদমে শুরু করা সম্ভব হবে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রয়োজনীয় নির্দেশিকা এবং সফটওয়্যারে তৈরি নির্দিষ্ট ফরম্যাট পাঠানো হলেই পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে CEO দফতর। তার আগে ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে একাধিক বাধা থেকেই যাচ্ছে। ফলে গোটা বিষয়টি নিয়ে এখন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।