১৬ ডিসেম্বর। হ্যাঁ এই ১৬ ডিসেম্বরই দিনটাকেই বাংলাদেশে ফেরার দিন হিসাবে ঘোষণা করেছেন শেখ হাসিনা। মুজিব কন্যার দেশে ফেরার ঘোষণার পর তারেক রহমান সরকারের কী অবস্থা? ভারতই বা কী বলছে হাসিনার দেশে ফেরা নিয়ে, আর এর মধ্যেই পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথা পরিবহণ মন্ত্রী অর্জুন সিং কী বড় হুঙ্কার দিলেন, আপনাদের পুরোটাই জানাব।

দিল্লিতে বসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ১৬ ডিসেম্বর তিনি নিজের দেশে ফিরতে চান। শুধু তাই নয়, ঢাকা থেকে বিমান পাঠানোরও আবেদন জানিয়েছেন হাসিনা। আর হাসিনার এই ঘোষণাতেই এবার বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তোলপাড়।
তারেক রহমানের সরকারের সাফ বার্তা, হাসিনা ফিরতে চাইলে ফিরতে হবে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে। ফিরতে হবে বন্দি হিসেবে, হাতকড়া পরে। কিন্তু হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের বিদেশমন্ত্রকের অবস্থান কী? দিল্লি কি ঢাকার সঙ্গে কোনও আলোচনা করছে?
শেখ হাসিনা! বাংলাদেশের রাজনীতিতে একসময় যাঁর কথায় চলত গোটা দেশ, সেই হাসিনাই এখন ক্ষমতাচ্যুত, দেশছাড়া। একদিকে হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, অন্যদিকে তারেক সরকারের কড়া অবস্থান-দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও তৈরি হচ্ছে নতুন চাপ।
আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের অবস্থান কী? হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ বারবার ভারতের কাছে আবেদন জানিয়েছে। ভারত আগেই জানিয়েছিল, বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন পরীক্ষা করা হচ্ছে।
এরই মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক। বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা পরিবহণমন্ত্রী অর্জুন সিং। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবে আমরা। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও জীবন শেষ করে দেওয়ার অভিযোগের প্রসঙ্গ তুলে প্রতিশোধের কথাও বলেছেন তিনি। অর্জুন সিংয়ের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক।
এখন প্রশ্ন, ১৬ ডিসেম্বর কি সত্যিই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? হাসিনার ঘোষণা অনুযায়ী, তিনি ফিরতে চান বিজয় দিবসেই। কিন্তু তারেক রহমানের সরকারের অবস্থান স্পষ্ট ফিরতে হলে প্রত্যর্পণের মাধ্যমে, আইনি প্রক্রিয়ায়। অন্যদিকে ভারত এখনও কোনও নতুন সিদ্ধান্তের কথা জানায়নি।
বাংলাদেশের রাজনীতি, দিল্লির কূটনীতি আর পশ্চিমবঙ্গের বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য-সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যায়, এখন সেদিকেই নজর গোটা বিশ্বের।