দিলজিতের শো-তে বিস্ফোরণের হুমকি! চাঞ্চল্য বেঙ্গালুরুতে!

গায়ক দিলজিৎ দোসাঞ্জের আসন্ন কনসার্টের আগে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে। কনসার্টের জায়গা এবং তার কাছের একটি মেট্রো স্টেশনে বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে ইমেল মারফত হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই হুমকির ইমেল পাঠানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আগামী ২৯ নভেম্বর, রবিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠান করার কথা দিলজিৎ দোসাঞ্জের। তাঁর ‘AURA India Tour 2026’-এর অংশ হিসেবেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। মাদাভারার NICE গ্রাউন্ডসে অনুষ্ঠানটি হওয়ার কথা।পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর হুবলি-ধারওয়াড় পুরনিগমের (HDMC) কমিশনারের সরকারি ইমেল আইডিতে একটি হুমকির মেল আসে। অভিযোগ, [email protected] নামের একটি ইমেল আইডি থেকে সেটি পাঠানো হয়েছিল।

ওই মেলে দাবি করা হয়, দিলজিতের কনসার্টের জায়গা এবং মাদাভারা মেট্রো স্টেশনে বিস্ফোরক রাখা হবে। পাশাপাশি, অনুষ্ঠানে শিশুদের না নিয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়। কোথাও পড়ে থাকা আইফোন স্পর্শ না করতে এবং মেট্রোয় যাতায়াত এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়। মেলের শেষে লেখা ছিল ‘খলিস্তান জিন্দাবাদ’। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সেখানে নিষিদ্ধ সংগঠন বব্বর খালসা (পরমার-কানাডা)-র নামও উল্লেখ করা হয়েছিল।গত ৯ নভেম্বর দুপুর ৩টে নাগাদ উত্তর-পশ্চিম বিভাগের কন্ট্রোল রুমে এই হুমকির খবর পৌঁছয়। এরপর পুলিশ বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার (BIEC) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। অনুষ্ঠানের আয়োজকেরা জানান, আগামী ২৯ নভেম্বর NICE গ্রাউন্ডসেই দিলজিতের কনসার্ট হওয়ার কথা।

এরপর মাদানায়াকানাহাল্লি থানার সাব-ইনস্পেক্টর শিবরাজ এম জে-র অভিযোগের ভিত্তিতে উত্তর CEN থানার পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(৪) ও ৩৫৩(১)(বি) ধারায় মামলা রুজু হয়েছে।পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, যে ইমেল থেকে হুমকি পাঠানো হয়েছে, তার আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা চলছে। কে বা কারা এই মেল পাঠিয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে হুমকিটি সত্যি কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে। অন্যদিকে, HDMC-র কমিশনার কার্তিক এম একই ধরনের একটি হুমকিকে ভুয়ো বলে দাবি করেছেন বলেও জানা গিয়েছে।

এর আগেও দিলজিতের ভারত সফরের বিভিন্ন অনুষ্ঠানের আগে একই ধরনের হুমকি এসেছে। গত ২৩ অক্টোবর মুম্বইয়ের প্রাক্তন মেয়র ঋতু তাওড়ের দফতরে ইমেল পাঠিয়ে আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে খবর।আবার, গত ১৫ নভেম্বর ইন্দোরে দিলজিতের কনসার্টের আগেও মেয়রের দফতর, কয়েকটি বেসরকারি স্কুল এবং মধ্যপ্রদেশ হাই কোর্টের গোয়ালিয়র বেঞ্চে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

অন্যদিকে, আহমেদাবাদে দিলজিতের কনসার্টের সময় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় ২ হাজার পুলিশকর্মী এবং ১,৫০০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল।তবে এখনও পর্যন্ত বেঙ্গালুরুর কনসার্ট বাতিল বা পিছিয়ে দেওয়ার কোনও ঘোষণা করা হয়নি। পুলিশি তদন্তের পাশাপাশি NICE গ্রাউন্ডস এবং মাদাভারা মেট্রো স্টেশন চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে।